হোম > বিশ্ব > অস্ট্রেলিয়া

পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণে জড়িতদের ওপর নিষেধাজ্ঞা অস্ট্রেলিয়ার

আমার দেশ অনলাইন

ইসরাইল-অধিকৃত পশ্চিম তীরের জাবাল আল-বাবা এলাকায় ‘ই১’ বসতি স্থাপনের জন্য পরিকল্পিত এলাকাটি ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর ড্রোনের মাধ্যমে দেখা যাচ্ছে। এই বসতি স্থাপনের ফলে বেশ কয়েকটি বেদুইন জনগোষ্ঠী বাস্তুচ্যুত হবে। ছবি- রয়টার্স

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ ও ফিলিস্তিনিদের ওপর সহিংসতায় জড়িত থাকার অভিযোগে তিন ইসরাইলি ব্যক্তি ও চারটি সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এ ঘোষণা দেন।

অস্ট্রেলিয়া সরকারের এ সিদ্ধান্তের ফলে নিষেধাজ্ঞার আওতাভুক্ত ব্যক্তি ও সংগঠনগুলোর সঙ্গে অস্ট্রেলীয় নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর বাণিজ্যিক লেনদেন এবং তাদের কোনো ধরনের সহায়তা দেওয়া নিষিদ্ধ হবে।

পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে বলেন, নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তি ও সংগঠনগুলো নতুন বসতি স্থাপনের পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশ নিয়েছে। এ ছাড়া তারা অর্থ সংগ্রহ, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সহিংস বসতি স্থাপনকারীদের সহায়তা করেছে।

তিনি বলেন, এসব কর্মকাণ্ড ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ক্রমেই নষ্ট করে দিচ্ছে।

নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইসরাইলি বসতি স্থাপনকারী সংগঠন নাচালার প্রধান ড্যানিয়েলা ওয়েইস। তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নের পক্ষে অবস্থান নিয়ে বিভিন্ন সময় বক্তব্য দিয়েছেন। এ ছাড়া ইসরাইলি নির্মাণপ্রতিষ্ঠানের মাধ্যমে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণে ভূমিকা রাখার অভিযোগে এলিয়াভ লিবির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের সম্পদ জব্দ ও তাদের ভ্রমণে নিষেধাজ্ঞার ব্যবস্থাও রয়েছে। তিন ব্যক্তির মধ্যে রয়েছেন ড্যানিয়েলা ওয়েইস, এলিয়াভ লিবি ও ইতামার ইয়েহুদা লেভি। চারটি সংগঠন হলো নাচালা মুভমেন্ট, আমানা সেটেলমেন্ট অ্যাসোসিয়েশন, হাশোমের ইয়োশ এবং লেভির নির্মাণপ্রতিষ্ঠান আইয়াল হারি ইয়েহুদা কোম্পানি।

পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ নিয়ে উদ্বেগ

অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞার অন্যতম কারণ পশ্চিম তীরের ই১ বসতি প্রকল্প। জেরুজালেমের পূর্বদিকে পরিকল্পিত এই প্রকল্প বাস্তবায়িত হলে অধিকৃত পশ্চিম তীর কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়বে। একই সঙ্গে পূর্ব জেরুজালেম থেকে পশ্চিম তীরের ভৌগোলিক সংযোগও বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। এতে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা আরো জটিল হয়ে উঠতে পারে।

পেনি ওং বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ই১ প্রকল্প ঘিরে সহিংসতা এবং ফিলিস্তিনিদের উচ্ছেদের ঘটনা দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। প্রকল্পটির কারণে বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কায় রয়েছেন ওই এলাকার কয়েকটি বেদুইন সম্প্রদায়ের মানুষ।

এদিকে, অধিকৃত পশ্চিম তীরের জেরিকো এলাকায় ইসরাইলি বসতি স্থাপনকারীদের গুলিতে ৭২ বছর বয়সী এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন বলে স্থানীয় বাসিন্দা ও ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে রয়টার্স। সম্প্রতি ওই এলাকায় কয়েকটি ফিলিস্তিনি বাড়ির নিয়ন্ত্রণও নিয়েছেন ইসরাইলি বসতি স্থাপনকারীরা।

জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বিশ্বের অধিকাংশ দেশ পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইনের পরিপন্থি বলে মনে করে। তবে ইসরাইল এই অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করে।

যুক্তরাজ্যের পর অস্ট্রেলিয়ার পদক্ষেপ

পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণে জড়িত ইসরাইলি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার এক দিন পর অস্ট্রেলিয়া এই পদক্ষেপ নিল। মঙ্গলবার যুক্তরাজ্য পশ্চিম তীরে বসতি নির্মাণে যুক্ত আটটি ইসরাইলি নির্মাণপ্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানিয়েছেন, ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সারকে ফোন করে তিনি তার সরকারের অবস্থান জানিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের বিরোধিতা করে আসছে অস্ট্রেলিয়া এবং এ বিষয়ে তাদের দীর্ঘদিনের নীতি রয়েছে।

এদিকে, ফিলিস্তিন রাষ্ট্রকে শর্তসাপেক্ষে স্বীকৃতি দেওয়ার বিষয়ে অস্ট্রেলিয়ার ঘোষণার পর থেকেই দেশটির সঙ্গে ইসরাইলের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে। ২০২৫ সালে অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগের কথা জানায়। সর্বশেষ নিষেধাজ্ঞার ফলে দুই দেশের সম্পর্কে উত্তেজনা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

তথ্যসূত্র: রয়টার্স, অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও এবিসি নিউজ

ভিক্টোরিয়ায় নির্বাচনে অবস্থান বদলাচ্ছে মুসলিম ভোটারদের সংগঠন

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ৮ লক্ষাধিক মৌমাছি চুরি

অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের ভিসায় কড়াকড়ি, পরিবার নেওয়ার সুযোগ বন্ধ

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতিতে নতুন প্রস্তাব নিয়ে বিতর্ক

বিলাসীদের পছন্দের শীর্ষে থাকা এয়ারবাস এ৩৮০, কেন হারিয়ে যাচ্ছে এই আকাশ দানব

বিশ্বে মহামারি বিপর্যয়ে তুলনামূলক বেশি নিরাপদ অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার স্টেট পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত মাসুদ খলিলের প্রার্থিতা ঘোষণা

বার্ড ফ্লুর শঙ্কায় মনোসামাজিক ঝুঁকি, গবেষণাকেন্দ্রের কর্মীদের সরাবে অস্ট্রেলিয়া

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও মানবিক সহায়তা দেবে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় নভেম্বর থেকে অস্ত্র ফেরত কর্মসূচি