স্পেনের পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়া অঞ্চলের কাস্তেয়োন প্রদেশে ভয়াবহ দাবানলের কারণে প্রায় ৫০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম আরটিভিই জানিয়েছে, রোববার শুরু হওয়া এ দাবানলে এখন পর্যন্ত প্রায় ১৫০ হেক্টর বনভূমি পুড়ে গেছে। খবর আনাদোলুর।
সোমবার সকালে আগুন নিয়ন্ত্রণে আনতে ১২টি উড়োজাহাজ মোতায়েন করা হয়। তবে চলমান দ্বিতীয় দফার গ্রীষ্মকালীন তাপপ্রবাহ দিনভর আরও তীব্র হওয়ার আশঙ্কা থাকায় আগুন নিয়ন্ত্রণের কাজ কঠিন হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।
এদিকে, আস্তুরিয়াস অঞ্চল থেকেও দমকলকর্মীরা আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন। গত ২৬ জুন পাহাড়ি এলাকায় শুরু হওয়া আরেকটি বনাঞ্চলের দাবানল নিয়ন্ত্রণে তারাও কাজ করছেন।
অন্যদিকে, কাতালোনিয়ার জিরোনা এলাকায় শুক্রবার শুরু হওয়া দাবানলে আহত হয়ে এখন পর্যন্ত ১৪ জন চিকিৎসাসেবা নিয়েছেন বলে জানিয়েছে কাতালোনিয়ার জরুরি চিকিৎসা সেবা (এসইএম)। প্রায় ২ হাজার ৩০০ হেক্টর এলাকা পুড়িয়ে দেওয়া আগুনটি শনিবার নিয়ন্ত্রণে আনা হলেও সোমবার ভোর পর্যন্ত দমকলকর্মীরা নতুন করে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে কাজ চালিয়ে যাচ্ছেন।
এমএমআর