হোম > বিশ্ব > ইউরোপ

এবার লন্ডনে আছড়ে পড়তে যাচ্ছে ইউরোপের বিক্ষোভের ঢেউ

মতামত

আলজাজিরা

লন্ডন স্কুল অব ইকোনমিকসের (এলএসই) একটি ভবনের বাইরে বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন। ২০ নভেম্বর ২০২৬। ছবি: রয়টার্স

ইউরোপের বিভিন্ন দেশে সরকারবিরোধী বিক্ষোভ ও গণ-আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। ফ্রান্স, স্পেন, ইতালি, সার্বিয়া ও জার্মানিসহ মহাদেশটির বিভিন্ন দেশে সরকারের ব্যর্থতা ও ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে রাজপথে নেমেছেন সাধারণ মানুষ। এবার সেই বিক্ষোভের ঢেউ যুক্তরাজ্যেও ছড়িয়ে পড়ার ইঙ্গিত মিলছে।

গত শুক্রবার দেশটির শত শত স্কুল ও বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী ক্লাস বর্জন করে বিক্ষোভে অংশ নেন। অ্যাবারডিন থেকে ব্রাইটন, সোয়ানসি থেকে নটিংহাম—দেশজুড়ে বিভিন্ন শহরে এই কর্মসূচি পালিত হয়। ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি তিন গুণ বাড়ানোর প্রতিবাদের পর এটিকে শিক্ষার্থীদের অন্যতম বড় আন্দোলন হিসেবে দেখা হচ্ছে।

আন্দোলনকারীদের দাবি, সরকার শিক্ষা ও জনসেবার খাতে বরাদ্দ কমিয়ে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর নীতি অনুসরণ করছে। এর প্রতিবাদেই শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন। ইউরোপজুড়ে সামরিকীকরণবিরোধী আন্দোলন সমন্বয়ের লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক উদ্যোগ ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যাগেইনস্ট ওয়ার’-এর সঙ্গে যুক্ত সংগঠনগুলো এই বিক্ষোভের ডাক দেয়।

বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষক-কর্মচারীদের সংগঠন ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ ইউনিয়ন (ইউসিইউ) প্রথম এ উদ্যোগের প্রতি সমর্থন জানায়। তারা জাতীয় কর্মসূচি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় খাতের সদস্যদের শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভ ও সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানায়।

পরে আরো কয়েকটি বড় শ্রমিক সংগঠন শিক্ষার্থীদের কর্মসূচির প্রতি সমর্থন জানায়। এর মধ্যে রয়েছে ইউনিসন, ইউনাইট, ন্যাশনাল এডুকেশন ইউনিয়ন (এনইইউ), জিএমবি এবং এডুকেশনাল ইনস্টিটিউট অব স্কটল্যান্ড (ইআইএস)। বড় শ্রমিক সংগঠনগুলোর এই সমর্থন আন্দোলন আরো বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি করেছে।

লন্ডনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মিছিল একপর্যায়ে ট্রাফালগার স্কয়ারে মিলিত হয়। সেখানে তারা ‘আমাদের ভবিষ্যতের জন্য লড়াই করো, তাদের যুদ্ধের জন্য নয়’ স্লোগান দেন। পরে মিছিলটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটের দিকে যায়। সেখানে শিক্ষার্থী আন্দোলনের কর্মী ও শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। তারা শিক্ষা ও জনসেবার পরিবর্তে প্রতিরক্ষা খাতে সরকারের বেশি গুরুত্ব দেওয়ার সমালোচনা করেন।

যুক্তরাজ্যের তরুণদের ক্ষোভের পেছনে রয়েছে নানা অর্থনৈতিক ও সামাজিক সংকট। ইউরোপের অন্য দেশগুলোর মতো সেখানেও তরুণেরা উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব, অর্থনৈতিক স্থবিরতা, জনসেবার অবনতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মুখে পড়েছেন। সম্পত্তি নিয়ে জল্পনা-কল্পনা ও বিনিয়োগের কারণে আবাসনসংকটও তীব্র হয়েছে। এর পাশাপাশি ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশকারীদের ওপর পুলিশের বলপ্রয়োগ, বর্ণবাদ ও নারীবিদ্বেষের বিস্তার এবং পরিবেশ ও জলবায়ু বিপর্যয়ের আশঙ্কা তরুণদের ক্ষোভ বাড়াচ্ছে। এমন পরিস্থিতিতে বড় ধরনের বিক্ষোভ গড়ে ওঠাকে অস্বাভাবিক মনে করছেন না বিশ্লেষকেরা।

সরকারি হিসাব অনুযায়ী, যুক্তরাজ্যে ১৬ থেকে ২৪ বছর বয়সি প্রায় ১০ লাখ তরুণ শিক্ষা, চাকরি কিংবা কোনো ধরনের প্রশিক্ষণের সঙ্গে যুক্ত নন। তাদের ‘নিটস’ (নিট—শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের বাইরে থাকা তরুণ) বলা হয়। এই বয়সি জনগোষ্ঠীর ১৩ শতাংশের বেশি এমন অবস্থায় রয়েছেন। দেশটির মোট বেকার মানুষের ৪০ শতাংশের বেশি তরুণ।

চাকরির বাজারের কঠিন পরিস্থিতির পাশাপাশি তরুণদের মধ্যে মানসিক স্বাস্থ্যসংকটও ব্যাপক আকার ধারণ করেছে। অন্যদিকে শিক্ষা গ্রহণের ব্যয় অনেকের নাগালের বাইরে চলে যাচ্ছে। সব মিলিয়ে দেশটিতে একটি বড় সামাজিক ও অর্থনৈতিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। অথচ সরকার এই সংকট মোকাবিলায় ব্যয় সংকোচনের পথেই হাঁটছে।

শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকা তরুণদের পরিস্থিতি নিয়ে সরকারের প্রতিবেদন তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক লেবার সরকারের মন্ত্রী অ্যালান মিলবার্নকে। নব্বইয়ের দশকের শেষ দিকে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থায় (এনএইচএস) বেসরকারি অর্থায়ন চালুর উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তার নিয়োগ নিয়েও প্রশ্ন উঠেছে।

সমালোচকদের মতে, সংকটের সমাধানে সরকারি কল্যাণব্যবস্থা জোরদার না করে বেসরকারি খাতের ওপর নির্ভরতার পথ বেছে নেওয়া হচ্ছে।

মিলবার্নের সুপারিশগুলোতেও বাজারকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন রয়েছে। এর মধ্যে তরুণদের কিছু ভাতা কমানোর প্রস্তাব রয়েছে। প্রতিবন্ধী তরুণদের জন্য দেওয়া কিছু সুবিধা কমানোর বিষয়টিও এতে অন্তর্ভুক্ত।

উচ্চশিক্ষা খাতেও দীর্ঘদিন ধরে ব্যয় সংকোচনের প্রভাব পড়ছে। সরাসরি সরকারি অর্থায়নের অভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে চাকরি ছাঁটাই ও বিভিন্ন শিক্ষাক্রম বন্ধ করে দেওয়া নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। অনেকে একে শিক্ষাব্যবস্থার ওপর ধ্বংসাত্মক আঘাত হিসেবে দেখছেন।

সরকারি বরাদ্দ কমানোর ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে অকার্যকর ব্যবস্থাপনা, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বেড়েছে বলে সমালোচনা রয়েছে। অর্থসংকট সামাল দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যাংক, ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান ও বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে বিভিন্ন চুক্তি করছে। এসব ব্যবস্থায় শিক্ষার মানের চেয়ে ব্যয় সাশ্রয় ও মুনাফাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

শিক্ষা খাতে সুযোগ কমে আসার পাশাপাশি বেসামরিক কর্মসংস্থানও সংকুচিত হচ্ছে। এর বিপরীতে সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ বাড়ানো হচ্ছে। বর্তমানে যুক্তরাজ্যের সেনাবাহিনী ১৮ বছর বয়সীদের জন্য ১৮ মাসের একটি ‘ফাউন্ডেশন স্কিম’ চালু করেছে। এতে অংশগ্রহণকারীরা পুরো সময়ের জন্য বেতন পাবেন।

গত বছরের কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনার (স্ট্র্যাটেজিক ডিফেন্স রিভিউ) অংশ হিসেবে ‘যুদ্ধের জন্য প্রস্তুতি’ বিষয়ে জনসচেতনতামূলক প্রচার চালানো হয়। এর সঙ্গে সামরিক প্রশিক্ষণের বিষয়টিও যুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মন্ত্রিসভার উদ্যোগেই এই কর্মসূচি নেওয়া হয়েছিল।

প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর বিষয়টিও সরকারের নীতিতে স্পষ্ট। স্টারমার দায়িত্ব ছাড়ার ঠিক আগে প্রতিরক্ষা খাতে অতিরিক্ত ১৫ বিলিয়ন পাউন্ড বরাদ্দের সিদ্ধান্ত নেন। এতে আগামী চার বছরে এ খাতে মোট বরাদ্দ দাঁড়ায় ২৯৮ বিলিয়ন পাউন্ড। মার্কিন ডলারে এর পরিমাণ যথাক্রমে প্রায় ১৯ দশমিক ৬ বিলিয়ন ও ৩৮৯ দশমিক ৮ বিলিয়ন।

ইউরোপের বিভিন্ন দেশেও একই প্রবণতা দেখা যাচ্ছে। জনসেবার খাতে অর্থ বরাদ্দ কমছে, অথচ সামরিক ব্যয় দ্রুত বাড়ছে। তরুণদের নজর এ বিষয়টি এড়িয়ে যায়নি।

ইউরোপে নতুন করে অস্ত্রসজ্জার এই প্রবণতার পেছনে ন্যাটোর ভূমিকা রয়েছে। ইউরোপীয় দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতার কাঠামো ক্রমেই ন্যাটোকেন্দ্রিক হয়ে উঠছে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোকে ন্যাটোর ব্যয় বহনে আরও বেশি দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে আসছেন। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেওয়াও এই সামরিক ও রাজনৈতিক উদ্যোগের অন্যতম কেন্দ্রীয় বিষয়।

যুক্তরাজ্যে তরুণদের আন্দোলন যদি ফ্রান্সের মতো ব্যাপক আকার ধারণ করে, তাহলে তা অ্যান্ডি বার্নহামের সরকারের জন্য প্রথম বড় পরীক্ষা হয়ে উঠতে পারে। ফ্রান্সে সাম্প্রতিক বিদ্রোহের সূচনা হয়েছিল শিক্ষা খাতের সংকটকে কেন্দ্র করে। দেশটির ইতিহাসে শিক্ষা নিয়ে আন্দোলন অবশ্য নতুন নয়। ১৯৬৮ সালের গণ-অভ্যুত্থানের পেছনেও শিক্ষাসংক্রান্ত অসন্তোষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

তবে শিক্ষায় বরাদ্দের ক্ষেত্রে ফ্রান্সের সঙ্গে যুক্তরাজ্যের বড় পার্থক্য রয়েছে। ফ্রান্স তার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ দশমিক ১ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করে। যুক্তরাজ্যে এই হার ৪ দশমিক ১ শতাংশ। এর মধ্যেও শিক্ষা খাতের কিছু অর্থ প্রতিরক্ষা খাতে সরিয়ে নেওয়া হয়েছে। ফলে আগামী বছরগুলোতে স্কুলগুলোর জন্য বরাদ্দ আরও কমার আশঙ্কা রয়েছে।

গত এক দশকে যুক্তরাজ্যে সাতজন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন। কিন্তু তাদের কেউই আয় ও সম্পদের বৈষম্য কমাতে প্রয়োজনীয় পুনর্বণ্টন নিশ্চিত করতে পারেননি। কনজারভেটিভ পার্টির (টোরি) প্রধানমন্ত্রীরা এক দশক ধরে ক্ষমতায় থেকে ধনীদের আরো ধনী হওয়ার সুযোগ করে দিয়েছেন। স্টারমারও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন বলে সমালোচনা রয়েছে।

সর্বশেষ স্থানীয় নির্বাচনে রিফর্ম ইউকে ও গ্রিন পার্টির কাছে বড় ধরনের ধাক্কা খেয়েছে তার দল। এর অন্যতম কারণ, লেবার সরকারের কাছ থেকে সামাজিক গণতান্ত্রিক নীতির বাস্তবায়ন আশা করেছিলেন যাঁরা, স্টারমার তাঁদের প্রত্যাশা পূরণ করতে পারেননি।

এ ছাড়া ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যায় যুক্তরাজ্যের ভূমিকা নিয়ে মানুষের ক্ষোভও তিনি যথাযথভাবে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছেন বলে সমালোচনা রয়েছে। ফিলিস্তিনের পক্ষে গণবিক্ষোভের জবাবে সরকার কঠোর আইন প্রণয়ন করেছে। বার্নহামের জনপ্রিয়তা বাড়লেও ক্ষমতাসীন প্রধানমন্ত্রী আগের সরকারের নীতিই অনুসরণ করছেন। দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন, ফিলিস্তিন ইস্যুতে সরকারের অবস্থান ভুল ছিল। তবে সমালোচকদের মতে, শুধু স্বীকারোক্তি যথেষ্ট নয়; এর প্রতিফলন নীতিগত পদক্ষেপেও থাকতে হবে।

বিক্ষোভ বাড়তে থাকলে বার্নহামের সরকারের জন্য কঠোর দমননীতি কার্যকর সমাধান হবে না। একইভাবে বাজারনির্ভর সংস্কারের পথেও সংকট কাটবে না। গত পাঁচ দশকে বেসরকারীকরণ, নিয়ন্ত্রণ শিথিল করা এবং সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ কমানোর যে নীতি অনুসরণ করা হয়েছে, বর্তমান সংকটের পেছনে তার বড় ভূমিকা রয়েছে। পরিস্থিতি বরং আরো গভীর হচ্ছে।

ইউরোপের তরুণ প্রজন্মসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখন পরিবর্তনের দাবি জানাচ্ছেন। তাদের দাবি শুধু রাজনৈতিক পরিবর্তনে সীমাবদ্ধ নয়; অর্থনৈতিক ক্ষেত্রেও দীর্ঘস্থায়ী ও কার্যকর পরিবর্তন চান তাঁরা।

ইউরোপের ইতিহাসে ১৮৪৮ সালের বিপ্লবগুলোও তীব্র অর্থনৈতিক সংকট, বেকারত্ব ও ফসলের ক্ষতির কারণে সৃষ্ট দুর্ভিক্ষের প্রেক্ষাপটে সংঘটিত হয়েছিল। বর্তমান ইউরোপের বিক্ষোভের পেছনেও তুলনীয় অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি কাজ করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এই পরিস্থিতিতে পরিবর্তনকামী শক্তিগুলোর সামনে বড় চ্যালেঞ্জ হলো আন্তর্জাতিক সংহতি গড়ে তোলা। বিভিন্ন দেশের মানুষের ক্ষোভ ও দাবিকে একটি সমন্বিত আন্দোলনে রূপ দেওয়া, আন্দোলনগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানো এবং ব্যয় সংকোচন ও যুদ্ধের বিরুদ্ধে বাস্তব সহযোগিতা নিশ্চিত করাই এখন গুরুত্বপূর্ণ।

এএম

মেক্সিকোয় মাদক কারবারি নেতা গ্রেপ্তারের অভিযানে নিহত ১১

রাশিয়ার কূটনীতিককে বহিষ্কার করল ডেনমার্ক

রোহিঙ্গা গণহত্যার রায়কে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ বলল সুইজারল্যান্ড

কর বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ, উত্তাল কলম্বিয়া

পুলিশের গুলির বৈধতায় প্রস্তাবিত বিলের বিরুদ্ধে প্যারিসে বিক্ষোভ

ব্রেক্সিটের দূরত্ব ঘুচিয়ে ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে যুক্তরাজ্যের নতুন উদ্যোগ

গণহত্যার ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের পুনর্বাসনে আইসিজে’র রায় মিয়ানমারকে মানতে হবে: ইইউ

ভেনেজুয়েলার অভিবাসীদের সুরক্ষা বাতিল করতে আবারও সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

সার্বিয়ার নতুন সংসদে শপথ নিলেন ছাত্র আন্দোলনের নেতারা

গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরাইলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ করবে সার্বিয়া