স্পেনে কট্টর ডানপন্থি রাজনীতির জনপ্রিয়তা বাড়ছে। একসময় সমাজতন্ত্রীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া এখন রক্ষণশীল পিপলস পার্টি (পিপি) ও কট্টর ডানপন্থি ভক্স পার্টির জোটের অধীনে। আগামী রোববারের আগাম নির্বাচন সামনে রেখে অঞ্চলটির রাজনৈতিক পরিস্থিতিকে স্পেনের জাতীয় রাজনীতির ভবিষ্যৎ চিত্রের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তাদের ধারণা, জাতীয় পর্যায়েও ডানপন্থি দল দুটি ক্ষমতায় আসতে পারে।
জনমত জরিপ অনুযায়ী, আসন্ন নির্বাচনে পিপি এগিয়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সমাজতন্ত্রী দল (পিএসওই)। তৃতীয় অবস্থানে কট্টর ডানপন্থি ভক্স। পিপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ভক্সের সঙ্গে জোট বা সমঝোতার মাধ্যমে সরকার গঠনের মতো আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পিপি নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহো জানিয়েছেন, ভক্সের সংসদীয় সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠনই তার পছন্দ। তবে আন্দালুসিয়ার মতো জোট সরকার গঠনের সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।
দক্ষিণ স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের ছোট্ট গ্রাম রিওহায়ও জাতীয় রাজনীতির এই পরিবর্তনের প্রভাব স্পষ্ট। প্রায় ১ হাজার ৬০০ মানুষের বসবাসের গ্রামটির একটি পারিবারিক মুদি দোকানে আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করছিলেন পরিবারের সদস্যরা।
দোকানটির তাকজুড়ে কৌটাজাত খাবার ও প্রক্রিয়াজাত মাংসের পণ্য। সেখানে ৩২ বছর বয়সি আন্তোনিও সেরেজো বললেন, সব রাজনীতিকই ‘মিথ্যাবাদী’। তাই তিনি কোনো প্রার্থীকে ভোট না দিয়ে ব্যালট ফাঁকা রাখবেন। তার ৪৩ বছর বয়সি চাচাতো বোন পাত্রিসিয়া নিকোলাস সেরেজো এখনো ঠিক করতে পারেননি কাকে ভোট দেবেন।
তবে পাত্রিসিয়ার ১৮ বছর বয়সি ছেলে আলফোনসো দুকের সিদ্ধান্ত স্পষ্ট। জীবনের প্রথম ভোটটি তিনি দেবেন কট্টর ডানপন্থি ভক্স পার্টিকে। তার ভাষায়, ‘এর চেয়ে খারাপ আর কী হতে পারে।’
পরিবারটির সদস্যদের মধ্যে একটি বিষয়ে অবশ্য ঐকমত্য রয়েছে। তারা চান, প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সমাজতন্ত্রী সরকার ক্ষমতা থেকে বিদায় নিক।
আন্দালুসিয়ার এই রাজনৈতিক পরিবর্তন এক দিনে আসেনি। একসময় অঞ্চলটি ছিল সমাজতন্ত্রীদের শক্ত ঘাঁটি। ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর স্বৈরশাসনের দীর্ঘ সময়জুড়ে অঞ্চলটির বড় অংশ ছিল দরিদ্র ও কৃষিনির্ভর। কৃষিকাজে যন্ত্রের ব্যবহার বাড়তে থাকলে অনেক আন্দালুসীয় কাজের সন্ধানে বার্সেলোনা ও মাদ্রিদের মতো শিল্পাঞ্চলে পাড়ি জমান।
সত্তরের দশকের মাঝামাঝি সময়ে দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার শিকার মানুষের মধ্যে সমাজতন্ত্রীদের জনপ্রিয়তা বাড়তে থাকে। ১৯৮২ সালে আন্দালুসিয়ার প্রথম আঞ্চলিক নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় পিএসওই। এরপর তিন দশকের বেশি সময় ধরে অঞ্চলটি শাসন করে দলটি।
আন্দালুসিয়ায় ডানপন্থীদের উত্থান
২০১৮ সালের দিকে এসে আন্দালুসিয়ায় সমাজতন্ত্রীদের দীর্ঘদিনের আধিপত্যে ভাঙন শুরু হয়। দুর্নীতির একের পর এক কেলেঙ্কারিতে দলটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। এতে লাভবান হয় পিপি। ওই বছরের আঞ্চলিক নির্বাচনে পিএসওই সবচেয়ে বেশি ভোট পেলেও উদারপন্থি সিউদাদানোস ও ভক্সের সমর্থন নিয়ে সরকার গঠন করে রক্ষণশীল পিপি।
আন্দালুসিয়ার এই ঘটনাকে স্পেনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। সেভিয়ার পাবলো দে ওলাভিদে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক বস্কো গোভান্তেস বলেন, ‘প্রথমবারের মতো পিপি কট্টর ডানপন্থিদের সরকার পরিচালনার পথ খুলে দিয়েছিল। জাতীয় পর্যায়ে আজ যা ঘটছে, তার জন্য এটি একটি নজির তৈরি করেছে।’
তিনি আরো বলেন, আগে কট্টর ডানপন্থিদের সঙ্গে রাজনৈতিক সহযোগিতার ক্ষেত্রে একটি অলিখিত সীমারেখা ও সামাজিক নেতিবাচক ধারণা ছিল। কিন্তু আন্দালুসিয়ায় পিপির ওই পদক্ষেপ ভক্সের রাজনৈতিক বক্তব্যকে স্বাভাবিক হিসেবে গ্রহণ করার পথ তৈরি করে।
২০১৩ সালে ভক্স পার্টির প্রতিষ্ঠা হয়। কট্টর রক্ষণশীলদের একটি অংশ সান্তিয়াগো আবাসকালকে সামনে রেখে পিপি থেকে বেরিয়ে দলটি গঠন করে। তাদের অভিযোগ ছিল, কাতালোনিয়ার বিচ্ছিন্নতাবাদীদের বিষয়ে পিপি অতিরিক্ত নমনীয় অবস্থান নিয়েছে।
শুরুতে মূলধারার রাজনীতিতে জায়গা পেতে ভক্সকে বেশ বেগ পেতে হয়েছিল। তবে ২০১৮ সালে আন্দালুসিয়ার আঞ্চলিক পার্লামেন্টে আসন পায় দলটি। পরে স্পেনের জাতীয় রাজনীতিতে কাতালোনিয়া ইস্যুর গুরুত্ব কমে এলে ভক্স অভিবাসনবিরোধী অবস্থানকে সামনে নিয়ে আসে।
দলটির নেতা আবাসকাল প্রধানমন্ত্রী সানচেজের বিরুদ্ধে ‘অভিবাসীদের আগ্রাসন’ ঘটতে দেওয়ার অভিযোগ করেন। তার দাবি, স্পেনের সমাজতন্ত্রী সরকার অভিবাসীদের মাধ্যমে দেশটির জনগণকে প্রতিস্থাপন করতে চাইছে। সানচেজ সরকার অভিবাসীদের জন্য তুলনামূলক উদার নীতি গ্রহণ করেছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে স্পেনে বসবাস ও কাজ করা অনিবন্ধিত অভিবাসীদের বৈধতা দিয়েছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সানচেজ ক্ষমতায় আসার পর থেকে গত বছর পর্যন্ত স্পেনে বিদেশে জন্ম নেওয়া বাসিন্দার সংখ্যা ৬৩ লাখ থেকে বেড়ে ১ কোটি ৪ লাখে দাঁড়িয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির কৃতিত্বের অংশ হিসেবে অভিবাসননীতিকেও গুরুত্ব দেন সানচেজ।
অন্যদিকে ভক্স এসব নীতি পাল্টে দিতে চায়। ২০২৩ সালের নির্বাচনের তুলনায় আসন্ন ভোটে যে দলটির ভোটের হার সবচেয়ে বেশি বাড়বে বলে ধারণা করা হচ্ছে, সেটিও ভক্স।
বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, ডানপন্থি ভোটারদের ভক্সের দিকে চলে যাওয়া ঠেকাতে পিপিকেও অভিবাসনবিরোধী অবস্থান কঠোর করতে হচ্ছে। ইপসোসের এক জরিপে দেখা গেছে, ২০২৩ সালের নির্বাচনে পিপিকে ভোট দেওয়া স্পেনীয়দের সর্বোচ্চ ২০ শতাংশ এবার ভক্সকে ভোট দিতে পারেন।
প্রধানমন্ত্রী সানচেজ এবারের নির্বাচনকে অগ্রগতি ও পশ্চাৎপদতার লড়াই হিসেবে তুলে ধরছেন। তার সতর্কবার্তা, পিপি ও ভক্স কেবল মানুষের অধিকার খর্ব করার প্রশ্নেই একমত হতে পারে।
তবে আন্দালুসিয়ার কিছু এলাকায় সানচেজের এই বক্তব্য খুব একটা প্রভাব ফেলছে না। সেখানে পিপি ও ভক্সের জোট নিয়ে অনেকের মধ্যে উদ্বেগ নেই। ৬৯ বছর বয়সী অবসরপ্রাপ্ত গৃহিণী রোসারিয়া বলেন, ‘সরকারে ভক্স থাকলে আমার আপত্তি নেই। পিপি তাদের নিয়ন্ত্রণে রাখবে। দলটির একটি সুস্পষ্ট লক্ষ্য ও সাংগঠনিক কাঠামো রয়েছে।’
নারীর অধিকার ও অভিবাসন নিয়ে মতবিরোধ
ভক্স ক্ষমতায় গেলে নারীর অধিকার সংকুচিত হতে পারে বলে সতর্ক করেছেন সানচেজ। নারী নির্যাতন ও পারিবারিক সহিংসতা মোকাবিলার নীতি নিয়েও পিপি ও ভক্সের মধ্যে মতপার্থক্য রয়েছে।
গত বছর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে স্পেনের বিভিন্ন দলের মধ্যে হওয়া চুক্তি নবায়নের পক্ষে সমর্থন দিয়েছিল পিপি। অন্যদিকে ২০০৪ সালের লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ আইন বাতিল করতে চায় ভক্স। ওই আইন বর্তমান বা সাবেক সঙ্গীর হাতে নির্যাতনের শিকার নারীদের সুরক্ষা দেয়।
ভক্সের যুক্তি, আইনটি পুরুষদের প্রতি বৈষম্যমূলক। তাই নারী-পুরুষনির্বিশেষে পারিবারিক সহিংসতার শিকার সবার সুরক্ষায় নতুন আইন করতে চায় দলটি।
নারীর প্রতি সহিংসতাবিরোধী একটি অনুষ্ঠানে আন্দালুসিয়ার রিওহা গ্রামের পিপি দলীয় মেয়র ওলগা মারিয়া গনজালেজ হুরাদোকে দুই দলের জোট সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন করা হয়। তিনি বলেন, ‘আমার মনে হয়, সবকিছু ভালোভাবেই চলছে।’ তবে ভক্সের সঙ্গে তাল মেলাতে পিপি অভিবাসন বিষয়ে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে কি না, সে প্রশ্ন এড়িয়ে যান তিনি।
আন্দালুসিয়ায় অ-স্পেনীয় আবেদনকারীদের জন্য আবাসন নীতিও কঠোর করার উদ্যোগ নিয়েছে দল দুটি। বর্তমানে স্থানীয়ভাবে বসবাস বা কাজ করেন, এমন ব্যক্তিদের জাতীয়তা বিবেচনা না করেই ভর্তুকির আবাসন দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে পারে স্থানীয় কাউন্সিলগুলো।
গত মাসে পিপি ও ভক্স একটি প্রস্তাবের পক্ষে সমর্থন দেয়। এতে মাদ্রিদকে ভর্তুকির আবাসন ও আবাসন সহায়তার ক্ষেত্রে স্পেনের নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়। প্রস্তাবটি বাধ্যতামূলক নয়। আন্দালুসিয়ায় দুই দলের জোট চুক্তিতেও অঞ্চল বা স্পেনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, এমন ব্যক্তিদের সরকারি সুবিধা ও সামাজিক আবাসনে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে।
স্পেনের অন্য অঞ্চলগুলোতেও শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসংক্রান্ত নীতিতে দুই দলের সহযোগিতা দেখা যাচ্ছে। আরাগন অঞ্চলে এ বছর স্কুলে আরবি ভাষা ও মরক্কোর সংস্কৃতি শেখানোর একটি কর্মসূচি বাতিল করা হয়েছে। ২০২৭ সালে আন্দালুসিয়াতেও একই পদক্ষেপ নেওয়ার কথা রয়েছে।
মুরসিয়া অঞ্চলের জুমিলা শহরে পিপি ও ভক্সের সমর্থনে পৌরসভার ক্রীড়া স্থাপনা ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়। এর পর মুসলমানদের ঈদুল ফিতরের নামাজ আদায় করতে হয় একটি গাড়ি পার্কিংয়ের জায়গায়। মুসলমানদের ধর্মীয় সমাবেশে এর প্রভাব পড়ায় বিধিনিষেধটি সমালোচনার মুখে পড়েছে।
ভ্যালেন্সিয়ায় স্কুলের খাবারে পরিবেশিত মাংসের ক্ষেত্রে পশু জবাইয়ের আগে অচেতন করার নিয়ম চালুর পক্ষে ভোট দিয়েছে দল দুটি। এই নিয়ম মেনে তৈরি হালাল খাবার পরিবেশনে অবশ্য বাধা নেই। অন্যদিকে বালিয়ারিক দ্বীপপুঞ্জে জনসমক্ষে বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ করার একটি প্রস্তাব স্পেনের কংগ্রেসে পাঠানোর পক্ষে ভোট দিয়েছে তারা। বোরকায় নারীর পুরো মুখ, এমনকি চোখও ঢাকা থাকে। নিকাবে চোখ দেখা যায়।
অভিবাসীদের মধ্যে উদ্বেগ
বিদেশি নাগরিকদের বহিষ্কারের দাবিও তুলেছে ভক্স। দলটির প্রস্তাব অনুযায়ী, সরকারি সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল বিদেশিদেরও বহিষ্কার করা হতে পারে। বৈধভাবে বসবাসের অধিকার থাকা ব্যক্তিকে এভাবে দেশ থেকে বের করে দেওয়ার প্রস্তাব ইউরোপের অন্য কোনো দেশের নীতির সঙ্গে মেলে না।
ভক্সের এসব নীতির কারণে স্পেনে বসবাসরত অভিবাসীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
কলম্বিয়ার নাগরিক ইউডি রামিরেজ চার বছর আগে স্পেনে আসেন। এত দিন তিনি নিজের সন্তানের দেখাশোনার পাশাপাশি দুটি কাজ করেছেন। একটি বাড়িতে পরিচর্যাকারী হিসেবে কাজ করার পাশাপাশি আলমেরিয়ার একটি গ্রিনহাউসে ঘণ্টাপ্রতি পাঁচ ইউরো মজুরিতে ফল সংগ্রহ করতেন। গত জুনে ৪৯ বছর বয়সী এই নারী অবশেষে বৈধ কাগজপত্র পেয়েছেন।
রামিরেজ বলেন, ‘আমাদের অনেকেই ভীত। কারণ, এই মুহূর্তে দেশে ফিরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।’
তবে সব অভিবাসীকে একইভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে না। ভক্সের বক্তব্যে জাতিগত ও বর্ণগত বিভাজনের প্রবণতা রয়েছে বলে মনে করা হয়। লাতিন আমেরিকার স্প্যানিশভাষী দেশগুলো থেকে আসা অভিবাসীদের তুলনামূলক ইতিবাচকভাবে দেখে দলটি। কারণ, তাদের সঙ্গে লাতিন বিশ্বের ডানপন্থি আন্দোলনগুলোর একটি সাংস্কৃতিক যোগসূত্র রয়েছে। এই রাজনৈতিক বলয়কে ‘আইবেরোস্ফিয়ার’ বলা হয়, যার কেন্দ্রে রয়েছে ভক্স।
আন্দালুসিয়ার গ্রিনহাউসগুলোতে বিদেশি শ্রমিকদের ওপর ব্যাপক নির্ভরতা রয়েছে। অধ্যাপক বস্কো গোভান্তেসের মতে, স্পেনে অভিবাসীদের কাজ করাই মূল সমস্যা নয়; বরং তাদের শ্রমিক অধিকার স্বীকৃতি পাওয়াটাই বিতর্কের বিষয় হয়ে উঠেছে।
তিনি বলেন, পিএসওই সরকারের বৈধতা দেওয়ার উদ্যোগের ফলে নিয়োগকর্তাদের আইনসম্মত চুক্তি করতে, সামাজিক নিরাপত্তা তহবিলে অর্থ জমা দিতে এবং শ্রমিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিতে হচ্ছে।
গোভান্তেসের ভাষায়, ‘অভিবাসীদের কাজ সব সময়ই মেনে নেওয়া হয়েছে, যতক্ষণ তা অদৃশ্য ও অবৈধ ছিল। কিন্তু তারা যখন দৃশ্যমান হয়েছেন এবং বৈধতা পেয়েছেন, তখন তাদের বিরুদ্ধে স্পেনীয়দের চাকরি কেড়ে নেওয়ার অভিযোগ তোলা হচ্ছে।’
এএম