ইউক্রেনের জন্য ৬১০ কোটি ইউরো (৭১০ কোটি ডলার) নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন করেছে ইউরোপীয় কমিশন। এই সহায়তার আওতায় বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ এবং রাডার সরবরাহ করা হবে।
সোমবার ইউক্রেনের স্বাধীনতা দিবসে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘ইউক্রেনের স্বাধীনতা দিবসে ইউরোপ দেখিয়ে দিচ্ছে যে আমাদের সমর্থন অটুট ও বাস্তব।’
ফন ডার লিয়েন আরো বলেন, ‘আজ আমরা ইউক্রেনের জরুরি প্রয়োজনীয় বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ এবং রাডারের জন্য ৬১০ কোটি ইউরো অনুমোদন করেছি।’
তিনি বলেন, রাশিয়া হামলা জোরদার করায় ইউক্রেনকে তার জনগণকে সুরক্ষা দিতে এবং আকাশ প্রতিরক্ষায় সহায়তা করতে ইউরোপও নিজেদের সহযোগিতা বাড়াচ্ছে। ইউক্রেনের পাশে ইউরোপ রয়েছে এবং প্রয়োজনের সময় প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হবে বলেও জানান তিনি।
এই অর্থায়ন ৯ হাজার কোটি ইউরোর ‘ইউক্রেন সাপোর্ট লোন’-এর অংশ। এ ঋণের ৬ হাজার কোটি ইউরো প্রতিরক্ষা খাতে এবং ৩ হাজার কোটি ইউরো ২০২৬-২৭ সালের বাজেট সহায়তার জন্য বরাদ্দ করা হয়েছে।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইউরোপীয় পার্লামেন্ট ও ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল ৯ হাজার কোটি ইউরোর ‘ইউক্রেন সাপোর্ট লোন’ প্রতিষ্ঠা করে। কমিশনের তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে ইউক্রেনকে ইইউ ও এর সদস্যরাষ্ট্রগুলো মোট ২২ হাজার ২০ কোটি ইউরো (২৫ হাজার ৬৯০ কোটি ডলার) সহায়তা দিয়েছে। এর মধ্যে স্থগিত রাখা রুশ সম্পদ থেকে অর্জিত অর্থের ৩৮০ কোটি ইউরোও রয়েছে।