ইমেইলে বোমা হামলার হুমকি পাওয়ার পর ইতালির অন্তত ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠান খালি করা হয়েছে। একই ধরনের হুমকিমূলক বার্তা পেয়েছে স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের বিপুলসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানও। তবে এসব হুমকিকে আপাতত ভুয়া বলে মনে করছে সংশ্লিষ্ট দেশগুলোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রকৃত হামলার আশঙ্কার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে ঘটনার তদন্ত চলছে। পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে সরকারের মন্ত্রীদের নিয়ে বৈঠকও ডাকা হয়েছে।
ইউরোপজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠানে হাইব্রিড যুদ্ধের আশঙ্কা নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যেই নতুন করে এ নিরাপত্তা সতর্কতা জারি করা হলো। এর আগে ইউরোপের বিভিন্ন দেশে সুপারমার্কেট, রক্তের ব্যাংক, বিমান চলাচল ব্যবস্থা ও টেলিভিশন সম্প্রচারমাধ্যমকে লক্ষ্য করেও একই ধরনের হুমকি দেওয়া হয়েছে।
ইতালির শিক্ষামন্ত্রী জিউসেপ্পে ভালদিতারা দেশটির লা সেভেন টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, অন্তত ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি এসেছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।
তিনি বলেন, ঘটনার পেছনে পরিকল্পিত কোনো কৌশল থাকতে পারে। কারা এর সঙ্গে জড়িত, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। গোয়েন্দা সংস্থাগুলো হুমকির উৎস শনাক্তে কাজ করছে।
তবে এ ঘটনায় আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তার ভাষ্য, ইমেইলের বিষয়বস্তু বিশ্লেষণ করে বাস্তব হামলার আশঙ্কা খুবই কম বলে মনে হচ্ছে। এটি প্রকৃত বোমা হামলার হুমকির পরিবর্তে সাইবার হামলা বা ভয়ভীতি সৃষ্টির প্রচেষ্টা হতে পারে।
সূত্র: আল জাজিরা
এআরবি