হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার কূটনীতিককে বহিষ্কার করল ডেনমার্ক

আমার দেশ অনলাইন

ডেনমার্ক ও রাশিয়ার জাতীয় পতাকা। ছবি: সংগৃহীত

ইউক্রেনীয় র‍্যাপারকে হত্যার ষড়যন্ত্রে রুশ গোয়েন্দা সংস্থার জড়িত থাকার অভিযোগে ডেনমার্ক থেকে রাশিয়ার ‘প্রতিরক্ষা অ্যাটাশেকে’ বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কোপেনহেগেন। আগামী সাত দিনের মধ্যে তাকে ডেনমার্ক ছাড়তে হবে।

শুক্রবার রুশ রাষ্ট্রদূতকে তলব করে এ সিদ্ধান্ত জানানো হয়েছে বলে জানিয়েছেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন। একই সঙ্গে রুশ নাগরিকদের জন্য শেনজেন ভিসা স্থগিতের বিষয়টিও বিবেচনা করছে দেশটি।

ডেনমার্কের গোয়েন্দা সংস্থা পিইটি জানিয়েছে, কোপেনহেগেনের উপকণ্ঠে একটি কনসার্টে ইউক্রেনীয় র‍্যাপার কিয়েভস্টোনারকে হত্যার পরিকল্পনা করেছিল রুশ গোয়েন্দারা। এ কাজে দেশটির নিষিদ্ধ অপরাধী চক্র ‘লয়াল টু ফ্যামিলিয়া’র সহায়তা নেওয়ার পরিকল্পনা ছিল বলে সন্দেহ করা হচ্ছে।

গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর কনসার্টস্থলের কাছে একটি গাড়ি থেকে তিনজনকে আটক করা হয়। গাড়িটিতে আগ্নেয়াস্ত্র ও ছুরি পাওয়া যায়। এ ঘটনায় দুই ডেনিশ নাগরিকের বিরুদ্ধে হত্যা চেষ্টা এবং বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে তদন্ত চলছে। তাদের একজন কনসার্টের টিকিটও কিনেছিলেন। ঘটনার পর কনসার্টটি বাতিল করা হয়।

পিইটির প্রধান রাসমুস কিফার-ক্রিস্টেনসেন বলেন, ডেনমার্কে রুশ গোয়েন্দা সংস্থার এমন হত্যাচেষ্টার ঘটনা নজিরবিহীন। এটি রাশিয়ার ক্রমবর্ধমান আগ্রাসী ও ঝুঁকিপূর্ণ আচরণের ইঙ্গিত দেয়।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেন, রাশিয়া ক্রমেই কোণঠাসা হয়ে আরো আগ্রাসী হয়ে উঠছে। এ পরিস্থিতিতে ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখাই হবে সবচেয়ে শক্তিশালী জবাব।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এ ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে ডেনমার্কের প্রতি ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন।

অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, মস্কো এ ঘটনার যথাযথ জবাব দেবে। কোপেনহেগেনে রুশ দূতাবাস অভিযোগ অস্বীকার করে বহিষ্কারের সিদ্ধান্তকে প্রতিহিংসামূলক বলে আখ্যা দিয়েছে। তাদের দাবি, রাশিয়ার সংশ্লিষ্টতার কোনো প্রমাণ দেয়নি ডেনমার্ক।

এর আগে ডেনমার্ক রাশিয়ার বিরুদ্ধে দেশটিতে নাশকতা ও ইউক্রেন-সংশ্লিষ্ট প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোতে হামলার পরিকল্পনার অভিযোগ তুলেছিল। তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে মস্কো।

সূত্র: আলজাজিরা

আরএ

রোহিঙ্গা গণহত্যার রায়কে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ বলল সুইজারল্যান্ড

কর বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ, উত্তাল কলম্বিয়া

পুলিশের গুলির বৈধতায় প্রস্তাবিত বিলের বিরুদ্ধে প্যারিসে বিক্ষোভ

ব্রেক্সিটের দূরত্ব ঘুচিয়ে ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে যুক্তরাজ্যের নতুন উদ্যোগ

গণহত্যার ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের পুনর্বাসনে আইসিজে’র রায় মিয়ানমারকে মানতে হবে: ইইউ

ভেনেজুয়েলার অভিবাসীদের সুরক্ষা বাতিল করতে আবারও সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

সার্বিয়ার নতুন সংসদে শপথ নিলেন ছাত্র আন্দোলনের নেতারা

গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরাইলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ করবে সার্বিয়া

গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতির আরো অবনতি হচ্ছে: ইইউ’র কমিশনার

সংঘাতের মধ্যেই ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র-ইউরোপের নতুন শান্তি আলোচনা