হোম > বিশ্ব > ইউরোপ

ফ্রান্সজুড়ে আবারো বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

আমার দেশ অনলাইন

ফ্রান্সে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সামাজিক কল্যাণব্যবস্থার অবনতির প্রতিবাদে দেশজুড়ে রাস্তায় নেমেছেন হাজারো মানুষ। শনিবারের এ বিক্ষোভে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে। দেশজুড়ে কয়েক ডজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। বিক্ষোভের মূল কর্মসূচি স্থানীয় সময় দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকায় আরো গ্রেপ্তারের আশঙ্কা করা হচ্ছে।

দক্ষিণাঞ্চলীয় শহর মার্সেইয়ে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরিয়ে নেওয়া নিরাপত্তাবেষ্টনী দিয়ে ধাক্কা দিয়ে সিটি হলের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। অল্প সময়ের জন্য তারা পৌর ভবনটির ভেতরে ঢুকতে সক্ষম হন। এ সময় এক বিক্ষোভকারী দেয়ালে স্প্রে দিয়ে ‘এ’ অক্ষর লেখেন, যা নৈরাজ্যের প্রতীক হিসেবে পরিচিত। পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

রাজধানী প্যারিসের কেন্দ্রের উত্তর-পূর্বে প্লাস দে লা রিপাবলিক এলাকায় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ও অন্যান্য বস্তু ছুড়লে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় এক বিক্ষোভকারীকে বলতে শোনা যায়, ‘আমরা বাস্তিল দখল করছি!’ ফরাসি বিপ্লবের ঐতিহাসিক ঘটনার প্রতি ইঙ্গিত করে তিনি এ কথা বলেন। শহরটিতে ডানপন্থী টেলিভিশন চ্যানেল সি-নিউজের কার্যালয়ে ভাঙচুর চালিয়ে জানালাও ভাঙেন কয়েকজন বিক্ষোভকারী।

ছবি: সংগৃহীত

শনিবারের এই আন্দোলনের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ২০১৮ সালে শুরু হওয়া ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন পুনরুজ্জীবিত করার আহ্বান জানানো হয়। ওই আন্দোলন সামাজিক অবিচারের বিরুদ্ধে গড়ে উঠেছিল।

গত মাসে প্যারিসের উত্তরাঞ্চলের দরিদ্র উপশহরগুলোর কয়েকটি স্কুলে বিক্ষোভ শুরু হয়। শিক্ষকদের অনুপস্থিতি ও জরাজীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে ক্ষোভ থেকে শুরু হওয়া আন্দোলন দ্রুত দেশজুড়ে ছড়িয়ে পড়ে। পরে এতে বৈষম্য, সরকারি ব্যয়ে ঘাটতি এবং বিভিন্ন পরিষেবার মান কমে যাওয়ার প্রতিবাদও যুক্ত হয়।

শনিবারের কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, শ্রমিক, পেনশনভোগী ও কৃষকদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। এর মাধ্যমে আন্দোলন আরও বিস্তৃত করার চেষ্টা করছেন আয়োজকেরা।

ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার দুপুর পর্যন্ত প্যারিসের বাইরে ১৪০টি বিক্ষোভ কর্মসূচির খবর পাওয়া গেছে। এসব কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রায় ৩২ হাজার ৮০০ মানুষ। কর্তৃপক্ষের অভিযোগ, উগ্র বামপন্থীরা অস্থিরতা ও সহিংসতা উসকে দিচ্ছে।

ফ্রান্সের অন্যতম বৃহৎ শ্রমিক সংগঠন সিজিটি আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে। সংগঠনটি ‘উচ্চ মজুরি ও পেনশন, পণ্যের কম দাম এবং মানুষের প্রয়োজন মেটায়—এমন সরকারি পরিষেবার সুরক্ষা’ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

অক্টোবরে দুই হাজার মানুষের ওপর পরিচালিত এক জরিপে দেখা গেছে, ফ্রান্সের প্রায় ৪৫ শতাংশ মানুষ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ে উদ্বিগ্ন।

উচ্চ দৃশ্যমানতাসম্পন্ন হলুদ পোশাক পরে বিক্ষোভকারীরা বিভিন্ন সড়ক অবরোধ করেন। এতে প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর আগের মেয়াদে দেশটিতে ছড়িয়ে পড়া অস্থিরতার স্মৃতি ফিরে এসেছে। মার্সেইয়ে কয়েকটি ময়লার পাত্রেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

বিক্ষোভকে কেন্দ্র করে ফ্রান্সের উগ্র বাম ও উগ্র ডানপন্থী রাজনৈতিক গোষ্ঠীগুলো নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। বামপন্থীরা বিক্ষোভকারীদের পক্ষে অবস্থান নিয়েছে, অন্যদিকে ডানপন্থীরা পুলিশের প্রতি সমর্থন জানিয়েছে।

উগ্র বামপন্থী দল ফ্রান্স আনবোডের নেতা জ্যঁ-লুক মেলঁশোঁ মঙ্গলবার একটি বিক্ষোভ মিছিলে অংশ নেন। শিক্ষার্থীদের আন্দোলনের প্রতিও তিনি সমর্থন জানিয়েছেন।

শনিবার প্যারিসের কেন্দ্রীয় এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন দেখা গেছে। বিশেষ করে শঁজেলিজে অ্যাভিনিউ ও আর্ক দ্য ত্রিয়ঁফের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়। তবে সরকারি অনুমোদন পাওয়া দুটি বিক্ষোভ মিছিলের রুট থেকে এসব এলাকা বাদ দেওয়া হয়েছিল।

শনিবারের বিক্ষোভের শুরুতে প্রায় ১০০ জন পুলিশের দিকে এগিয়ে গিয়ে ‘সব পুলিশই জারজ’ বলে স্লোগান দেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

এআরবি

হত্যার দায়ে তিন মেক্সিকান নাগরিকের ১৫৯ বছরের কারাদণ্ড

নির্যাতনের অভিযোগে ইসরাইলি মন্ত্রীর বিরুদ্ধে ইতালিতে তদন্ত শুরু

স্পেনের অস্ত্র নিষেধাজ্ঞা সত্ত্বেও লাটভিয়াগামী সাঁজোয়া যানে ইসরাইলি অস্ত্র

মেক্সিকোতে নিখোঁজ শিশুদের খুঁজতে এআইয়ের সহায়তা

আলবেনিয়ায় বিক্ষোভে সহিংসতা, পদত্যাগের দাবি প্রত্যাখ্যান প্রধানমন্ত্রীর

জার্মানির সব রেলস্টেশনে মদ্যপান নিষিদ্ধ

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা, আটক ২৫

ইউক্রেনের ড্রোনের গতি কমানোর পেছনে যুক্তরাষ্ট্র সরকার থাকতে পারে: ইলন মাস্ক

শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিচ্ছে জার্মানি

ইসরাইলগামী ফ্লাইটে কাজ করতে পারবেন না ৩১ মুসলিমপ্রধান দেশের ক্রু