স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণে মোরো ও অর্গাজ পৌর এলাকার মধ্যবর্তী স্থানে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আঞ্চলিক সরকারের এক কর্মকর্তা।
কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের সরকারের মুখপাত্র এস্তের পাদিয়া স্থানীয় টেলিভিশনকে এ তথ্য জানান। তিনি কাস্তিয়া-লা মাঞ্চা মিডিয়াকেও বলেছেন, হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
রেল পরিচালনাকারী সংস্থা আদিফ জানিয়েছে, দুর্ঘটনায় রেনফে পরিচালিত একটি ট্রেনের সঙ্গে ইরিও কোম্পানির আরেকটি ট্রেনের সংঘর্ষ হয়েছে। ইরিওর ট্রেনটি মাদ্রিদ-সেভিয়া রুটে চলাচল করে।
দুর্ঘটনার পর ওই রেলপথে চলাচলকারী সব ট্রেন বিভিন্ন স্টেশনে থামিয়ে রাখা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে আদিফ।
কাছের উর্দা শহরের মেয়র ম্যানুয়েল গালান স্পেনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম টিভিইকে বলেন, দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্পেনের জরুরি পরিষেবার এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, উদ্ধার ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রয়োজনীয় সম্পদ মোতায়েন করা হচ্ছে। ঘটনাস্থলে পাঠানো হয়েছে একাধিক দমকল দল, তিনটি হেলিকপ্টার এবং নিবিড় পরিচর্যার সুবিধাসম্পন্ন দুটি মোবাইল মেডিকেল ইউনিট।
প্রাথমিক তথ্য অনুযায়ী, উর্দার কাছে একটি দ্রুতগতির ট্রেন পেছন দিক থেকে অন্য একটি ট্রেনকে ধাক্কা দেয়। এতে অন্তত দুটি বগি লাইনচ্যুত হয়েছে।
সূত্র: বিবিসি
আরএ