ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, নতুন শিক্ষাবর্ষ থেকেই দেশটির উচ্চবিদ্যালয়গুলোতে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করতে আইন কার্যকর করছেন। খবর আনাদোলুর।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ম্যাক্রোঁ বলেন, ‘স্ক্রিনের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের সুরক্ষা আর অপেক্ষা করা যায় না।
তিনি আরো বলেন, ‘ফোনমুক্ত স্কুল মানে পড়াশোনার প্রশান্তি পুনরুদ্ধার করা।’
এর আগে সোমবার ফরাসি সরকারের মুখপাত্র মদ ব্রেজোঁ জানান, ম্যাক্রোঁর সিদ্ধান্তের পর নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই উচ্চবিদ্যালয়ে মোবাইল ফোন নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সঙ্গে সম্পর্কিত ঝুঁকি থেকে অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষার লক্ষ্যে তৈরি আইনটি গত ২১ জুলাই পাস হয়।
তবে আইনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান—১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা—ফ্রান্সের সাংবিধানিক কাউন্সিল আটকে দেয়।
ব্রেজোঁ বলেন, তা সত্ত্বেও উচ্চবিদ্যালয়ে মোবাইল ফোন নিষিদ্ধের বিধানটি ‘স্থিতিশীল, সুসংহত ও আইনগত’ কাঠামোর আওতায় কার্যকর হবে।
তিনি আরো জানান, প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু সাংবিধানিক কাউন্সিলের উদ্বেগ বিবেচনায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসংক্রান্ত বিধানগুলোর নতুন সংস্করণ নিয়ে কাজ করবেন।
আগামী বসন্তের মধ্যে শিশু ও তরুণদের সুরক্ষায় সংশোধিত একটি আইনি কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্য রয়েছে সরকারের।
এমএমআর