হোম > বিশ্ব > ইউরোপ

মেক্সিকোয় মাদক কারবারি নেতা গ্রেপ্তারের অভিযানে নিহত ১১

আলজাজিরা

ছবি: সংগৃহীত

মেক্সিকোর কুখ্যাত মাদক কারবারি চক্রের নেতা ফাউস্তো ইসিদ্রো মেসা ফ্লোরেসকে গ্রেপ্তারের অভিযানে সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে সাতজনকে মাদক কারবারি চক্রের সশস্ত্র সদস্য এবং চারজনকে সেনাসদস্য বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার মেক্সিকোর সিনালোয়া রাজ্যে অভিযান চালিয়ে মেসা ফ্লোরেসকে গ্রেপ্তার করা হয়। ‘এল চাপো ইসিদ্রো’ নামে পরিচিত এই মাদক কারবারিকে শনিবার উড়োজাহাজে করে রাজধানী মেক্সিকো সিটিতে নেওয়া হয়। তাকে গ্রেপ্তারকে কেন্দ্র করে শুক্রবার রাতভর নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাদক কারবারি চক্রের সদস্যদের সংঘর্ষ হয়। এ সময় সড়কে প্রতিবন্ধকতা তৈরি করা হয় এবং বিভিন্ন স্থানে ট্রাকে আগুন দেওয়া হয়।

মেসা ফ্লোরেসের সঙ্গে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরও মেক্সিকো সিটিতে নেওয়া হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তার হওয়া দুজনের একজনের নাম জার্মান এন। তিনি ‘সেরাফিন’ নামে পরিচিত। তাকে মাদক কারবারি গোষ্ঠীটির কথিত দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। অপরজন হোসে এন। তিনি ওই চক্রের কথিত অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। দুজনকেই পরে সরকারি কৌঁসুলিদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মেসা ফ্লোরেস যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের (এফবিআই) ১০ শীর্ষ মোস্ট ওয়ান্টেড পলাতক আসামির একজন ছিলেন। তিনি ধীরে ধীরে বেলত্রান লেইভা মাদক কারবারি চক্রের শীর্ষ নেতৃত্বে উঠে আসেন। পরে নিজের নেতৃত্বে গড়ে তোলেন ‘মেসা-ফ্লোরেস ট্রান্সন্যাশনাল ক্রিমিনাল অর্গানাইজেশন’ নামে একটি আন্তর্জাতিক অপরাধী সংগঠন।

তিনি ‘লস মায়োস’ গোষ্ঠীরও গুরুত্বপূর্ণ মিত্র ছিলেন। লস মায়োস মেক্সিকোর প্রভাবশালী সিনালোয়া মাদক কারবারি চক্রের একটি উপদল। গত বছর যুক্তরাষ্ট্র এই গোষ্ঠীকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করে।

যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগে মেসা ফ্লোরেসকে খুঁজছিল দেশটির কর্তৃপক্ষ। তাকে গ্রেপ্তারে সহায়ক তথ্যের জন্য ৫০ লাখ ডলার পুরস্কারও ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।

আতঙ্কে গুয়াসাভের বাসিন্দারা

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে গুয়াসাভে শহরে সংঘর্ষ শুরু হয়। এ সময় সামরিক হেলিকপ্টার ও ড্রোন আকাশে উড়তে দেখা যায়। হেলিকপ্টার থেকে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে গুলি চালানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সংঘর্ষের ভয়াবহ চিত্র দেখা গেছে। একটি ভিডিওতে বেসবল খেলা চলার সময় গুলির শব্দে আতঙ্কিত সাধারণ মানুষকে চিৎকার করে পালাতে দেখা যায়। অন্য ভিডিওতে জ্বলন্ত গাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান এবং আকাশে চক্কর দেওয়া হেলিকপ্টার থেকে নিচের দিকে গুলি ছোড়ার দৃশ্য রয়েছে।

একজন ফেডারেল কর্মকর্তা জানিয়েছেন, গুয়াসাভে থেকে মেসা ফ্লোরেসকে সরিয়ে নিতে মেক্সিকোর সেনাবাহিনী ও ন্যাশনাল গার্ডের বিশেষ বাহিনীর ভোর ৪টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। নাম প্রকাশ না করার শর্তে তিনি এ তথ্য জানিয়েছেন। মামলাটি নিয়ে কথা বলার আনুষ্ঠানিক অনুমতি না থাকায় তিনি পরিচয় প্রকাশ করতে চাননি।

অভিযানের পর গুয়াসাভে শহরে আপাতত উত্তেজনা কিছুটা কমেছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, মাদক কারবারি চক্রের শীর্ষ নেতাদের গ্রেপ্তার বা সরিয়ে দেওয়ার ঘটনা নতুন করে সহিংসতার জন্ম দিতে পারে। কারণ, অঞ্চলটি আগে থেকেই প্রতিদ্বন্দ্বী মাদক কারবারি গোষ্ঠীগুলোর ক্ষমতার লড়াইয়ে অস্থির হয়ে রয়েছে।

যুক্তরাষ্ট্রের চাপের মুখে মেক্সিকোর অভিযান

মাদক কারবারি চক্রগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম। তার সরকার আগের সরকারগুলোর তুলনায় অবৈধ সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বেশি কঠোর অভিযান চালাচ্ছে। শেইনবাউমের ক্ষমতায় থাকার দুই বছরে দেশটিতে হত্যাকাণ্ডের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

মেসা ফ্লোরেসকে গ্রেপ্তারের অভিযানের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা (ডিইএ)। মেক্সিকোয় নিযুক্ত ওয়াশিংটনের রাষ্ট্রদূতও দেশটির কর্তৃপক্ষের অভিযানের প্রশংসা করেছেন।

এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রোনাল্ড জনসন বলেন, ‘এ ধরনের ফলাফল রাতারাতি আসে না। দীর্ঘদিনের সহযোগিতা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে এগুলো অর্জিত হয়। অংশীদারেরা একসঙ্গে কাজ করলে কী অর্জন করতে পারে, এটি তারই উদাহরণ।’

এএম

রাশিয়ার কূটনীতিককে বহিষ্কার করল ডেনমার্ক

রোহিঙ্গা গণহত্যার রায়কে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ বলল সুইজারল্যান্ড

কর বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ, উত্তাল কলম্বিয়া

পুলিশের গুলির বৈধতায় প্রস্তাবিত বিলের বিরুদ্ধে প্যারিসে বিক্ষোভ

ব্রেক্সিটের দূরত্ব ঘুচিয়ে ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে যুক্তরাজ্যের নতুন উদ্যোগ

গণহত্যার ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের পুনর্বাসনে আইসিজে’র রায় মিয়ানমারকে মানতে হবে: ইইউ

ভেনেজুয়েলার অভিবাসীদের সুরক্ষা বাতিল করতে আবারও সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

সার্বিয়ার নতুন সংসদে শপথ নিলেন ছাত্র আন্দোলনের নেতারা

গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরাইলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ করবে সার্বিয়া

গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতির আরো অবনতি হচ্ছে: ইইউ’র কমিশনার