অনিয়মিত অভিবাসন ঠেকাতে নতুন একটি খসড়া আইন অনুমোদন করেছে ইতালির ডানপন্থি সরকার। প্রস্তাবিত আইনে ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের নৌকা আটকে দিতে অস্থায়ী নৌ-অবরোধ আরোপের বিধান রাখা হয়েছে।
দেশটির মন্ত্রিসভা বুধবার বিকেলে বৈঠকে বিলটির অনুমোদন দেয়। প্রস্তাব অনুযায়ী, ব্যতিক্রমী চাপের পরিস্থিতিতে অভিবাসীবাহী জাহাজকে ইতালির আঞ্চলিক জলসীমায় প্রবেশে বাধা দেওয়া যাবে। সরকার বলছে, জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি হলে নির্দিষ্ট ক্ষেত্রে এই ব্যবস্থা কার্যকর করা হবে।
ইতালি দীর্ঘদিন ধরে মধ্য-ভূমধ্যসাগরীয় রুট দিয়ে আসা অভিবাসনপ্রত্যাশীদের চাপে রয়েছে। প্রতিবছর হাজার হাজার মানুষ সমুদ্রপথে দেশটিতে পৌঁছান। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি-র সরকার সমুদ্রপথে প্রবেশ আরও কঠোরভাবে নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছে।
খসড়া আইনটি কার্যকর হতে হলে সংসদের উভয় কক্ষে অনুমোদন পেতে হবে। বিল পাস হলে অভিবাসনপ্রত্যাশীদের ইতালিতে প্রবেশের আগে আলবেনিয়ায় স্থাপিত কেন্দ্রগুলোতে আশ্রয় আবেদন প্রক্রিয়াকরণের পরিকল্পনা পুনরায় চালু হতে পারে। কয়েকটি আদালতের রায়ের কারণে আলবেনিয়ায় আশ্রয় প্রক্রিয়া ‘আউটসোর্সিং’ আপাতত স্থগিত রয়েছে।
নতুন বিলে বলা হয়েছে, সমুদ্রে আটক অভিবাসীদের এমন তৃতীয় দেশে পাঠানো যেতে পারে, যাদের সঙ্গে অভিবাসী প্রত্যাবাসন বা আটক সংক্রান্ত চুক্তি রয়েছে। তবে ইতালির জলসীমায় প্রবেশে বাধা দেওয়া হলে তবেই এ ব্যবস্থা নেওয়া হবে।
আইনটি পাস হলে কর্তৃপক্ষ নির্দিষ্ট শর্তে ৩০ দিন পর্যন্ত ইতালির জলসীমায় অভিবাসী জাহাজের প্রবেশ নিষিদ্ধ করতে পারবে। যদি কোনো জাহাজকে ‘জনগণ বা জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি’ হিসেবে বিবেচনা করা হয়—যেমন সন্ত্রাসী কর্মকাণ্ড বা অনুপ্রবেশের ঝুঁকি—তাহলে নৌ-অবরোধ সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত বাড়ানো যেতে পারে।
এ ছাড়া নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে ৫০ হাজার ইউরো পর্যন্ত জরিমানা এবং পুনরাবৃত্তির ঘটনায় জাহাজ বাজেয়াপ্ত করার বিধান রাখা হয়েছে। পর্যবেক্ষকদের মতে, বিশেষ করে দাতব্য সংস্থার উদ্ধারকারী জাহাজগুলোকেই এই ব্যবস্থার আওতায় আনা হতে পারে।
ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন ও আশ্রয় চুক্তি অনুমোদনের পরদিনই এই খসড়া আইন অনুমোদন দেওয়া হয়। দ্রুত এটি আইনে পরিণত করার পরিকল্পনা করছে রোম।
এসআর