ভারতের নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন কার্যক্রম ঘিরে বিক্ষোভ করছেন বিরোধীরা। তাদের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভোটাধিকার হারিয়েছেন লাখ লাখ নয়, বরং কয়েক কোটি যোগ্য ভোটার। তাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক মুসলিম রয়েছেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নির্বাচনের ফল নিজেদের পক্ষে নিতে এই প্রক্রিয়া ব্যবহার করছে। এ কাজে নির্বাচন কমিশনে নিয়োগ পাওয়া ব্যক্তিদের, বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সহযোগিতা নেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাদের।
গত মাসে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ভোটার তালিকা সংশোধনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে জ্ঞানেশ কুমারের অধীনস্থ দুই নির্বাচন কমিশনার প্রশ্ন তুলেছিলেন এবং তার সঙ্গে দ্বিমত পোষণ করেছিলেন। এসব সংশোধনের ফলে প্রায় ১৩ কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই সংখ্যা জাপানের মোট জনসংখ্যার চেয়েও বেশি।
ভারতের বিরোধী দলগুলো দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে, সরকার নিজেদের রাজনৈতিক সুবিধা নিশ্চিত করতে ভোটার তালিকা পরিবর্তনের চেষ্টা করছে।
তবে এসব অভিযোগের বিষয়ে জ্ঞানেশ কুমার নিজে কোনো মন্তব্য করেননি। নির্বাচন কমিশন ও বিজেপি—দুই পক্ষই অভিযোগ অস্বীকার করেছে।
এএম