হোম > বিশ্ব > ভারত

কর্ণাটকে ভোটার তালিকা সংশোধনেও নিশানায় মুসলিমরা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ভারতের কর্ণাটকের বেলাগাভি উত্তর বিধানসভা আসনের একাধিক ভোটকেন্দ্রে মুসলিম ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন হিসেবে বিপুলসংখ্যক ফরম-৭ পাওয়া গেছে। বুথ লেভেল কর্মকর্তারা (বিএলও) অভিযোগ করেছেন, এসব ফরমে স্বাক্ষর করতে তাদের চাপ দেওয়া হয়।

বেলাগাভি উত্তর আসনের অন্তত ছয়টি ভোটকেন্দ্রে এমন ফরম পাওয়া গেছে। এর মধ্যে চারটি ভীরভদ্র নগরে এবং দুটি শেট্টিগালির একটি সরকারি কন্নড় উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে। ভোটার তালিকা থেকে কারও নাম বাদ দেওয়ার জন্য ফরম-৭ ব্যবহার করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, নিজেদের বেলাগাভি সিটি করপোরেশনের কর্মী পরিচয় দিয়ে দুই ব্যক্তি বিপুলসংখ্যক আগে থেকেই পূরণ করা ফরম-৭ নিয়ে ভোটকেন্দ্রগুলোতে যান। ফরমে সংশ্লিষ্ট ভোটারদের তথ্য দেওয়া থাকলেও আবেদনকারীদের নাম হাতে লেখা ছিল অথবা ফাঁকা রাখা হয়েছিল। এসব আবেদনে বিশেষভাবে মুসলিম ভোটারদের নাম বাদ দেওয়ার কথা বলা হয়।

ভীরভদ্র উর্দু মডেল স্কুলের (ভোটকেন্দ্র ১৯৬) বুথ লেভেল এজেন্ট মীরসাব সানাদি বলেন, নিজের নামের পাশাপাশি তার ভাই, স্বজন ও প্রতিবেশীদের নামও তালিকায় দেখে তিনি বিস্মিত হন। প্রায় ৩৮০টি ফরম পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, অন্তত ১৫ বছর ধরে তিনি ওই কেন্দ্রে বুথ লেভেল এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিএলওদের দ্রুত ফরমে স্বাক্ষর করে ফেরত দিতে বারবার চাপ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। ভোটারদের দীর্ঘদিন ধরে চেনেন উল্লেখ করে কয়েকজন কর্মকর্তা স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে ওই ব্যক্তিরা কথিতভাবে নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা উদয়কুমার বাসবন্তাপ্পা তালাওয়ারের কাছে ফোন করেন এবং তাকে স্বাক্ষরের নির্দেশ দেওয়ার দাবি করেন। পরে তালাওয়ার জানান, তার নাম ব্যবহার করা হয়েছে এবং তিনি এমন কোনো নির্দেশ দেননি।

চাপের মুখে কয়েকজন বিএলও স্বাক্ষর করলেও অন্যরা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে চেষ্টা করেন। কংগ্রেসকর্মী আমান সাইত জানান, পরে ওই ব্যক্তিরা একটি স্থানীয় হাসপাতালের সঙ্গে নিজেদের যোগাযোগের কথা বলেন। ফরমে যাদের আপত্তিকারী হিসেবে নাম দেওয়া হয়েছিল, তাদের কয়েকজনও জানান, তারা কোনো আবেদন করেননি। অভিযোগের পর এক সেট ফরম উদ্ধার হলেও অন্য এলাকাতেও একই ধরনের আবেদন জমা পড়তে থাকে।

এদিকে কর্ণাটকের ভালকিতেও মুসলিম ভোটারদের লক্ষ্য করে গণহারে ফরম-৭ জমা দেওয়ার ঘটনা অব্যাহত রয়েছে। ২৩ সেপ্টেম্বর দাবি ও আপত্তি জানানোর সময়সীমা শেষ হওয়ার পর ২৪ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ১ হাজার ১৩১টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ১ হাজার ১২৩টিকেই গণহারে জমা দেওয়া আবেদন হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।

নির্ধারিত সময়সীমার পর জমা পড়া এসব আবেদন ২৭ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর পরীক্ষা করা হবে।

সূত্র: মাকতুব মিডিয়া

এমএমআর

বাবরি থেকে উজ্জয়িনী: ভারতে ধর্মীয় স্থানের সুরক্ষা নিয়ে উদ্বেগ মুসলিমদের

জম্মু-কাশ্মীরে সহকর্মীর গুলিতে সিআইএসএফের ৪ সদস্য নিহত

ভারতে মুসলিমবিরোধী হেট ক্রাইম বাড়ছে

২৩ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম আবদুল বারেক ৪ মাস ধরে নিখোঁজ

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে মমতার কঠোর হুঁশিয়ারি

১৩ কোটি ভোটারের নাম বাদ, তীব্র আস্থা সংকটে ভারতের নির্বাচন কমিশন

অরুণাচল সীমান্তে বিদ্রোহীদের হামলা, ভারতীয় সেনা নিহত

ভারতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্যকে গুলি করে হত্যা

পাকিস্তানের আকাশসীমায় বিমান চলাচলে নিষেধাজ্ঞা, বিপদে ভারত

ভারত-ইসরাইলের তৈরি অস্ত্রে নৃশংসতার শিকার গাজা-কাশ্মীর