ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরের উপকণ্ঠে একটি পাথরখাদানে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত সাতজন শ্রমিক নিহত হয়েছেন। নিহত সবাই বিহার রাজ্যের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক আহত হয়ে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে বেঙ্গালুরু দক্ষিণ তালুকের মাদাপাটনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রতিদিনের মতো ওই সময় শ্রমিকেরা পাথর উত্তোলনের কাজ করছিলেন। হঠাৎ প্রায় ৪০ ফুট ওপর থেকে একটি বিশাল শিলাখণ্ড ভেঙে নিচে পড়ে, এতে কয়েকজন শ্রমিক চাপা পড়েন এবং ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ, উদ্ধারকারী দল ও প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ভারি যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে সম্ভাব্য আটকে পড়াদের খোঁজ করা হয় এবং নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে ফেলা হয়।
প্রত্যক্ষদর্শী এক শ্রমিক জানান, দুর্ঘটনার সময় সেখানে প্রায় ১৮ জন কাজ করছিলেন। আকস্মিকভাবে ওপর থেকে পাথর ধসে পড়ায় অনেকেই সময়মতো সরে যেতে পারলেও কয়েকজন চাপা পড়েন।
পুলিশ জানিয়েছে, নিহত শ্রমিকেরা জীবিকার সন্ধানে বিহার থেকে কর্ণাটকে এসে দৈনিক মজুরির ভিত্তিতে ওই পাথরখাদানে কাজ করতেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে প্রশাসন। পাথরখাদানে নিরাপত্তা বিধি যথাযথভাবে মানা হয়েছিল কি না, কিংবা কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এসআর