ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী কোনো দিনই দেশটির প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমের বিরোধিতা করায় কংগ্রেসকে তীব্র সমালোচনা করেছেন তিনি। অমিত শাহের অভিযোগ, অনুপ্রবেশকারীদের ভোটব্যাংক অক্ষুণ্ন রাখতেই দলটি এসআইআরের বিরোধিতা করছে।
সোমবার হায়দরাবাদে আয়োজিত এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন অমিত শাহ।
সমাবেশে তিনি প্রশ্ন তোলেন, ভোটার তালিকা সংশোধনের কারণে কংগ্রেস নির্বাচনে পরাজিত হচ্ছে বলে দাবি করলে, যেসব রাজ্যে দলটি ক্ষমতার বাইরে রয়েছে, সেখানে কেন তারা সরকার গঠন করতে পারছে না?
কংগ্রেস ও তাদের সহযোগীরা এসআইআর প্রক্রিয়া বন্ধ করতে চায় উল্লেখ করে অমিত শাহ বলেন, অনুপ্রবেশকারীরাই তাদের ভোটের প্রধান ভরসা। ভুয়া ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার লক্ষ্য থেকেই তারা ভোটার তালিকা সংশোধনের বিরোধিতা করছে। ভোটার তালিকা থেকে অযোগ্য ব্যক্তিদের নাম বাদ দেওয়ার উদ্যোগ বাধাগ্রস্ত করতেই কংগ্রেস এমন অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ দেওয়ার বিষয়ে রাহুল গান্ধীর দাবিও নাকচ করেন অমিত শাহ। তার দাবি, বাদ পড়া নামগুলোর মধ্যে প্রায় ৬ কোটি ২৫ লাখ মানুষ অন্যত্র চলে গেছেন। আর প্রায় ২ কোটি ৮০ লাখ থেকে ৩ কোটি মানুষ মারা গেছেন।
এ প্রসঙ্গে রাহুল গান্ধীকে উদ্দেশ করে তিনি বলেন, যারা অন্য এলাকায় চলে গেছেন, তাদের কি একাধিক জায়গায় ভোট দেওয়ার সুযোগ থাকা উচিত? যারা মারা গেছেন, তাদের নাম কি ভোটার তালিকায় রেখে দেওয়া প্রয়োজন? মৃত ব্যক্তিদের হয়ে শেষ পর্যন্ত কারা ভোট দেবেন?
এদিকে তেলেঙ্গানার কংগ্রেস সরকারকেও আক্রমণ করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যের সম্পদকে দিল্লির ক্ষমতাকেন্দ্রের জন্য ‘এটিএম’ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ ছাড়া কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোটের (ইউপিএ) সাবেক সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অমিত শাহ বলেন, ওই সরকারের আমলে ১২ লাখ কোটি রুপির দুর্নীতি হয়েছিল।
এআরবি