হোম > বিশ্ব > ভারত

পশ্চিমবঙ্গে বিরোধী দলের নেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়

আমার দেশ অনলাইন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ৮০টি আসন জিতে প্রধান বিরোধী দলের ভূমিকায় এসেছে রাজ্য সরকারের সাবেক ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। বিধানসভায় তৃণমূল কংগ্রেসের নেতা এবং বিরোধী দলীয় নেতা হিসেবে মনোনীত হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়।

শোভনদেব চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন অত্যন্ত বিশ্বস্ত ও আস্থাভাজন নেতা হিসেবে পরিচিত। এবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজ কেন্দ্র ভবানীপুরে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ায় তিনি বিধানসভায় প্রবেশ করতে পারেননি।

অন্যদিকে শোভনদেব চট্টোপাধ্যায় তার নিজ কেন্দ্র বালিগঞ্জে প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী শতরূপা চট্টোপাধ্যায়ের কাছে ৬১ হাজার ৪৭৬ ভোটে জয়ী হয়ে টানা ১০ বার বিধানসভা নির্বাচনে জয়ের রেকর্ড স্থাপন করেছেন। পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনো প্রার্থী এতবার টানা নির্বাচনে জিততে পারেননি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, ১৯৪৪ সালে জন্ম নেওয়া শোভনদেব চট্টোপাধ্যায় যৌবনে মুষ্টিযুদ্ধ (বক্সিং) অনুশীলন করতেন। রাজনীতিতে হাতেখড়ি পেয়েছিলেন কংগ্রেসের মাধ্যমে এবং কলকাতা পৌরসভায় চাকরিও করেছিলেন। কংগ্রেসের প্রার্থী হিসেবে ১৯৯১ ও ১৯৯৬ সালে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থেকে নির্বাচনে অংশগ্রহণ করলেও, কংগ্রেস নেতা সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে মতবিরোধের কারণে দল ছাড়েন।

১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠনের পর থেকে শোভনদেব দলের সঙ্গে আছেন। তিনি তৃণমূলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। বর্তমানে তিনি কলকাতা অটো-রিকশা চালক ইউনিয়নের প্রেসিডেন্ট। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি তার নিজ হাতে গড়া।

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার বিশ্বস্ততার উদাহরণ দেখা গেছে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে। কলকাতার ভবানীপুর আসন থেকে জয়ী হলেও, তৃণমূল সভানেত্রীর আহ্বানে সেই আসন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ছেড়ে দেন তিনি। পরে খড়দহ আসনের উপনির্বাচনে জয়ী হয়ে ফের বিধানসভায় ফিরেছেন শোভনদেব।

এসআর

বাংলাদেশে তিস্তা প্রকল্প ও চীনা যুদ্ধবিমান কেনার দিকে নজর রাখছে ভারত

খামেনির জানাজায় প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত

ভারতের বেঙ্গালুরুতে পাথর ধসে ৭ জনের মৃত্যু

গোহত্যা নিষিদ্ধের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে থালাপতি সরকার

ভারতে নতুন করে ভাঙা হলো আরো তিন মসজিদ

ভারতের রামমন্দিরে বিশাল চুরি, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ২২

টিসি নিয়ে বাগবিতণ্ডা, শিক্ষককে ছাত্রের ছুরিকাঘাত

কোনো মুসলিম জড়িত থাকলে এতক্ষণে এনকাউন্টারে হত্যা করা হতো: ওয়াইসি

রামমন্দির তহবিলে লুটপাটের পর দানে নারাজ ভক্তরা