হোম > বিশ্ব > ভারত

শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন, নাসিরউদ্দিন শাহ বললেন, ‘আমি দিমাগি নকশাল’

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

জামিয়া মিলিয়া ইসলামিয়ার শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। নিজেকে ‘গর্বিত দিমাগি নকশাল’ বলে অভিহিত করেছেন তিনি। সামাজিক মাধ্যমে দেওয়া এক ভিডিওতে তিনি ভারতের শিক্ষাব্যবস্থা, গণতন্ত্র ও তরুণদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

ভিডিওটিতে তিনি বলেন, “আমি গর্বের সঙ্গে বলছি যে, আমি একজন ‘দিমাগি নকশাল’ । আমাদের মতো মানুষদের সম্বোধন করার জন্য তারা যে আর কী কী নতুন শব্দ উদ্ভাবন করেছে, তা আমার জানা নেই।”

অভিনেতা ‘দেশবিরোধী’ এবং ‘টুকরে-টুকরে গ্যাং’-এর মতো শব্দগুলোর উল্লেখ করে বলেন, যদি সত্যিই এমন কোনো গোষ্ঠী থাকে, যারা ভারতকে বিভক্ত করতে চায়, তা হলো বর্তমান সরকার।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, সত্যজিৎ রায় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট এবং জামিয়া মিলিয়া ইসলামিয়ার শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানান তিনি। বিশ্ববিদ্যালয়ে ২০০৬ সালে বিলুপ্ত হওয়া নির্বাচিত ছাত্র সংসদ পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন বুধবার ১৭তম দিনে গড়ায়। এ সময় ক্যাম্পাসে ভাঙচুর ও সহিংসতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

ভিডিওতে নাসিরুদ্দিন শাহ অভিযোগ করেন, জেএনইউ, সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের পর এবার জামিয়ার শিক্ষার্থীদের নিশানা করা হচ্ছে। তরুণদের আত্মবিশ্বাস নষ্ট করা, শিক্ষাব্যবস্থা দুর্বল করা এবং গণতন্ত্রকে বিপন্ন করার চেষ্টারও সমালোচনা করেন তিনি। একই সঙ্গে বিজেপির আইটি সেলের সদস্যদের অশিক্ষিত ও অযোগ্য বলে কটাক্ষ করেন। তবে গণতন্ত্র টিকে থাকবে এবং তরুণদের মনোবল ভাঙতে সরকার সফল হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন এই অভিনেতা।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

আরএ

মুসল্লিদের ওপর হামলার ঘটনা ধামাচাপা দিতে মসজিদের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

নভেম্বরে ইন্ডিয়া জোটের সমাবেশ, সমর্থন জানাল ককরোচ পার্টি

উত্তরপ্রদেশ ও আসামের মডেলে কি ‘এনকাউন্টার রাজ্য’ হয়ে উঠছে পশ্চিমবঙ্গ

এই বয়সে বিশ্রাম নেওয়াই ভালো, মমতাকে কটাক্ষ শুভেন্দুর

ভারত-চীন সীমান্তে ফের উত্তেজনা, মোদির জন্য নতুন চ্যালেঞ্জ

আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় প্রবল বৃষ্টি

ভারতের জেল থেকে একসঙ্গে পালাল ১৭ বন্দি

কলকাতায় বেদখল শেরেবাংলার ঐতিহাসিক বাসভবন, মুছে যাচ্ছে স্মৃতি

‘পানি’ ও ‘আম্মা’ বলা যাবে না, শুভেন্দুর হুঁশিয়ারি

দিল্লিতে সংসদ ভবন সংলগ্ন চত্বরে আগুন