হোম > বিশ্ব > ভারত

৩০ রুপির লোভে ৮৫ হাজার রুপি জরিমানা

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

যে পানির বোতলের দাম ২০ রুপি, সেটাই সিনেমা হলের ভিতরে নেওয়া হয়েছিল ৫০ রুপি। তা নিয়ে মামলা করেছিলেন এক ব্যক্তি। প্রায় এক দশক পরে অবশেষে জয় পেলেন সেই মামলায়। সংশ্লিষ্ট মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ এবং পানি প্রস্তুতকারী বহুজাতিক সংস্থাকে ৮৫ হাজার রুপি জরিমানা করেছে বিহারের পাটনার ক্রেতা সুরক্ষা আদালত।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ক্রেতা সুরক্ষা আদালত নির্দেশ দিয়েছে যে মানসিক যন্ত্রণার কারণে ওই ব্যক্তিকে ২৫ হাজার রুপি দিতে হবে। আইনি খরচ বাবদ দিতে হবে ১০ হাজার রুপি। আর বাকি ৫০ হাজার রুপি দিতে হবে রাজ্য ক্রেতা কল্যাণ তহবিলে।

মামলাটির সূত্রপাত হয়েছিল ২০১৬ সালে। রজত তিওয়ারি নামে এক ব্যক্তি অভিযোগ করেছিলেন, ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর পাটনার একটি মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গিয়েছিলেন তিনি। হলে ঢোকার সময় তাকে আটকানো হয়। প্রায় আড়াই ঘণ্টার সিনেমার জন্যও বাইরে থেকে অডিটোরিয়ামের ভেতরে নিজের পানির বোতল নিয়ে যেতে দেওয়া হয়নি।

সেই পরিস্থিতিতে হলের ভেতরেই পানির বোতল কিনতে বাধ্য হয়েছিলেন বলে অভিযোগ করেন রজত। তিনি দাবি করেন, হলের ভেতরে যখন একটি পানির বোতল কেনেন, সেটার জন্য দাম চাওয়া হয়েছিল ৫০ রুপি। অথচ বাজারে সর্বোচ্চ ২০ রুপিতে বিক্রি হয় সেই পানির বোতল। অর্থাৎ আড়াই গুণ বেশি দামে বিক্রি করা হচ্ছিল পানি।

বিষয়টি সেখানেই ছেড়ে দেননি রজত। বিষয়টি নিয়ে ক্রেতা সুরক্ষা আদালতে যান তিনি। মানসিক হয়রানির জন্য ক্ষতিপূরণ চাওয়ার পাশাপাশি আইনি খরচ প্রদানেরও দাবি জানিয়েছিলেন ওই ব্যক্তি।

মামলার শুনানির সময় মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ দাবি করে যে জিনিসের দাম নির্ধারণ করার ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নেই। আর পানি বিক্রি করা ওই বহুজাতিক সংস্থা দাবি করে যে নির্দিষ্ট নিয়ম মেনেই দাম নির্ধারণ করা হয়েছিল।

যদিও কোনো পক্ষেরই যুক্তি টেকেনি ক্রেতা সুরক্ষা আদালতে। বরং আদালত স্পষ্টভাবে জানিয়ে দেয় যে বাইরে থেকে বোতল নিয়ে যেতে না দিয়ে বেশি দামে পানি বিক্রি করে দুই সংস্থাই নিয়ম লঙ্ঘন করেছে। সেই পরিস্থিতিতে ৮৫ হাজার রুপি জরিমানা ধার্য করে আদালত। ৪৫ দিনের মধ্যে সেই অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

আরএ

‘আরএসএসের কাছে মাথা নত করব না’, ১৬ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিল

ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

নেপাল পুনর্গঠনে বালেন্দ্রকে ১৬০ কোটি ডলার সহায়তা প্রস্তাব মোদির

ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠক

ভারত-ইসরাইল সম্পর্ক নিয়ে অস্বস্তিকর প্রশ্নের মুখে রাহুল গান্ধী

বিজেপি নেতা নির্বাচনে হারের পর সড়কবাতি খুলে নিলেন সহকারী

আসামে ‘অবৈধ বিদেশি’ তকমায় বাঙালিদের পুশব্যাকের চেষ্টা, বিজিবির বাধা

নড়াইল নিয়ে আ.লীগের প্রপাগান্ডায় সুর মেলাচ্ছে ভারতীয় গণমাধ্যম ও পশ্চিমবঙ্গের লেখকরা

ধর্মীয় পরিচয়ে মুসলিমদের বহিষ্কারের অভিযোগ, ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ ঘোষণার আহ্বান

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানিয়ে ভারত সরকারের প্রতি ৬ দফা দাবি