ভারতের কর্ণাটক রাজ্যে এক ইসরাইলি পর্যটকসহ দুই নারীকে গণধর্ষণ এবং এক স্থানীয় যুবককে হত্যার দায়ে তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৬ ফেব্রুয়ারি) কর্ণাটকের একটি আদালত এ রায় ঘোষণা করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গত বছরের মার্চে কোপ্পাল জেলায় সংঘটিত এ ঘটনায় পাঁচজন পর্যটক হামলার শিকার হন। তাদের মধ্যে ছিলেন মহারাষ্ট্র ও ওড়িশা থেকে আসা দুই ভারতীয় নাগরিক, একজন আমেরিকান পর্যটক, একজন ইসরাইলি পর্যটক এবং কোপ্পালের একটি হোমস্টের মালিক।
ঘটনার দিন হোমস্টের মালিক পর্যটকদের নিয়ে দর্শনীয় স্থান ঘুরতে বের হলে মোটরসাইকেলে করে তিন অভিযুক্ত—মল্লেশ (হান্দিমল্লা), সাইকুমার ও শরনবাসভারাজ—তাদের পথ রোধ করে। তারা একটি ‘আর্থিক বিরোধ’ মীমাংসার কথা বলে বাগ্বিতণ্ডা শুরু করে, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা পর্যটক দলের তিন পুরুষ সদস্যকে পাশের একটি খালে ফেলে দেয় এবং দুই নারীকে গণধর্ষণ করে। খাল থেকে উঠে আসতে বাধা দিতে পুরুষদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়। এতে একজন ঘটনাস্থলেই নিহত হন। রাষ্ট্রপক্ষ জানায়, আমেরিকান পর্যটকের সহায়তায় একজন প্রাণে বাঁচলেও অপরজন খালে ডুবে মারা যান।
দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ, হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হয়েছে। পাবলিক প্রসিকিউটর জানায়, ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ ধারায় বিচারক সাদানন্দ নাগাপ্পা নাইক হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দেন। এছাড়া গণধর্ষণের অপরাধে তাদের ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত’ কারাদণ্ড ভোগের নির্দেশ দেওয়া হয়েছে।
এসআর