প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে দিল্লিসহ ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে বিরোধী দলগুলো। বৃহস্পতিবার সকালে বিহারের পাটনায় লোকভবনে অভিমুখে বিক্ষোভের ডাক দেং ‘ইন্ডিয়া জোট’।
তবে লোকভবনে পৌঁছানোর অনেক আগেই বিরোধীদের প্রতিবাদ মিছিল আটকে দেয় পুলিশ। তার পরেই ব্যারিকেডে উঠে পড়েন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব । এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। তেজস্বী, আরজেডি সংসদ সদস্য মিসা ভারতী, ভিআইপি দলের প্রধান মুকেশ সাহনিকে আটক করে বিহার পুলিশ।
তেজস্বী বলেন, ‘এই সরকার জ্ঞানেশ কুমারকে আড়াল করছে। যতই প্রশাসন বাঁচানোর চেষ্টা করুক, মানুষ ভোটচোরদের শাস্তি দেবেই। যারা দেশের গণতন্ত্রকে শেষ করার চক্রান্তে শামিল, তাদেরও শাস্তি হবে।’
এছাড়া কর্ণাটকে একই দাবিতে বিক্ষোভ করেছে কংগ্রেস।
এদিকে, সিইসির পদত্যাগ দাবি বৃহস্পতিবারও দিল্লির রাস্তায় নামতে যাচ্ছে বিরোধী দলগুলো। ইন্ডিয়া জোটের বিক্ষোভ মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে দিল্লি পুলিশও। সংসদ মার্গ, অশোক রোড, জনপথ রোডসহ গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হচ্ছে।