শিরোনাম কেন্দ্র করে বিতর্ককে ঘিরে সংবাদপত্র ‘আনন্দবাজার পত্রিকার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যুক্ত একদল ব্যক্তি। পত্রিকাটির সাদা ভবনের দেয়ালে গেরুয়া রঙ মাখিয়ে দেন বিক্ষোভকারীরা। গত ২০ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলির মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়ে একটি প্রতিবেদনে 'গেরুয়া গুণ্ডামি' শব্দবন্ধটি ব্যবহার করেছিল আনন্দবাজার পত্রিকা। সেই ঘটনার কয়েক দিনের মধ্যেই এই বিক্ষোভের ঘটনা ঘটে।
সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ঘটনার কিছু ভিডিওতে দেখা যায়, গেরুয়া পোশাক পরা এক দল লোক ভবনের দেয়ালে রঙ মাখছেন এবং গেরুয়ার অপমান হিন্দুস্থান সহ্য করবে না সহ একাধিক স্লোগান দিচ্ছেন। সেই সময় বেশ কয়েক জন পুলিশ কর্মীও কাছে দাঁড়িয়ে ছিলেন। ঘটনার কয়েক ঘণ্টা পর সংবাদপত্র কর্তৃপক্ষ দেয়ালের রঙ পুনর্নির্মাণ করে আগের অবস্থায় ফিরিয়ে আনে। দ্য হিন্দু জানিয়েছে, ভবনের অংশে রঙ লেপে দেওয়া ব্যক্তিদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি এবং এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগও দায়ের করা হয়নি।
উল্লেখ্য, গত ২০ আগস্ট কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টস ইউনিয়নের এক সাধারণ সভার সময় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) এবং বামপন্থী সমর্থিত ছাত্র সংগঠনগুলির সদস্যদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সেই সংঘর্ষ বৃহস্পতিবার ভোরের আলো ফোটা পর্যন্ত গড়ায়। হিংসার ঘটনায় দুই পক্ষই একে অপরকে দোষারোপ করে এবং ক্যাম্পাস প্রাঙ্গণে বাইরের লোক নিয়ে আসার অভিযোগ তোলে।