হোম > বিশ্ব > ভারত

রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত

বিবিসি বাংলা

ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পরও দেশটির বিরুদ্ধে কোনো কঠোর অবস্থান নেয়নি ভারত। এমনকি ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে দেশটির সামরিক জান্তা সরকারের সঙ্গে উল্লেখযোগ্য কোনো আলোচনাও করেনি নয়াদিল্লি। এতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে ভারতের অবস্থান এবং দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

১৯ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর বিষয়ে রায় দেন। ইউরোপ ও ওশিয়ানিয়ার ১৪টি দেশসহ বিশ্বের বিভিন্ন দেশ এ রায়কে স্বাগত জানিয়েছে। তবে ভারত রায়টি স্বাগত জানায়নি, আবার প্রত্যাখ্যানও করেনি।

ভারত স্পষ্টভাবেই রোহিঙ্গাদের নিজেদের ভূখণ্ডে রাখতে চায় না। তবে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের সঙ্গেও বিরোধে জড়াতে চায় না দেশটি। ফলে প্রশ্ন উঠেছে, ভারতে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের ভবিষ্যৎ কী? আন্তর্জাতিক বিচার আদালতের রায় কি তাদের জন্য কোনো স্বস্তির সুযোগ তৈরি করবে?

রোহিঙ্গা ও আইসিজের রায় নিয়ে ভারতের অবস্থান

গত ২০ নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, তারা আন্তর্জাতিক বিচার আদালতের রায়টি ‘নোট করেছেন’।

এরপর রোহিঙ্গাদের বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরে তিনি বলেন, রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, দ্রুত ও দীর্ঘমেয়াদি প্রত্যাবর্তনের পক্ষে ভারত বরাবরই সমর্থন জানিয়ে এসেছে।

এ প্রসঙ্গে ভারতের ‘অপারেশন ইনসানিয়াত’-এর কথাও উল্লেখ করেন জয়সওয়াল। এই কর্মসূচির আওতায় পাঁচ দফায় ত্রাণসামগ্রী দিয়ে বাংলাদেশে রোহিঙ্গা শিবিরগুলোকে সহায়তা করেছে ভারত। একই উদ্দেশ্যে মিয়ানমারের রাখাইন রাজ্যের উন্নয়ন কর্মসূচিতেও সহায়তা করেছে দেশটি।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশটিতে ৪০ হাজারের বেশি রোহিঙ্গা বসবাস করছেন। তবে তাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয়নি ভারত। বিভিন্ন সময়ে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা রোহিঙ্গাদের ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবেও উল্লেখ করেছেন।

কিন্তু রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে দেশটির জান্তা সরকারের সঙ্গে ভারতের উল্লেখযোগ্য কোনো আলোচনা হয়নি। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পরও মিয়ানমারের সরাসরি নিন্দা জানায়নি নয়াদিল্লি।

‘নিজের স্বার্থেই মিয়ানমারের নিন্দা করবে না ভারত’

পশ্চিমা দেশগুলোর মতো মিয়ানমারের সামরিক জান্তাকে বিচ্ছিন্ন করার নীতি অনুসরণ করতে চায় না ভারত। বরং দেশটির সঙ্গে বাস্তববাদী ও যোগাযোগনির্ভর সম্পর্ক বজায় রাখতে আগ্রহী নয়াদিল্লি। এর পেছনে রয়েছে সীমান্ত নিরাপত্তা, যোগাযোগ প্রকল্প এবং চীনের প্রভাব মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ স্বার্থ।

ভারতের সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, ভারতের অনেক স্বার্থের জন্য মিয়ানমারকে প্রয়োজন। দুই দেশের মধ্যে সীমান্ত রয়েছে। সেই সীমান্ত দিয়ে বিচ্ছিন্নতাবাদীরা প্রায়ই ভারতে প্রবেশের চেষ্টা করে। এ ছাড়া চোরাচালান ও মাদকসংক্রান্ত সমস্যাও রয়েছে।

পিনাক রঞ্জন চক্রবর্তীর ভাষ্য, মিয়ানমারের সরাসরি নিন্দা করলে সীমান্তের এসব সমস্যা নিয়ন্ত্রণে ভারতকে দেশটি যে সহায়তা করে, তা বন্ধ হয়ে যেতে পারে।

তার মতে, মিয়ানমারকে অসন্তুষ্ট করে ভারতের কোনো লাভ নেই। বরং এতে শেষ পর্যন্ত ভারতেরই ক্ষতি হবে। তাই নিজেদের স্বার্থেই দেশটির নিন্দা জানানো থেকে বিরত থাকবে নয়াদিল্লি।

তিনি আরো বলেন, বঙ্গোপসাগরে চীনের প্রভাব মোকাবিলায় মিয়ানমারে ভারতের হাইওয়ে, কালাদান ও রেল প্রকল্পের কাজ চলছে। ভারতের ভূরাজনৈতিক অবস্থানের জন্য এসব প্রকল্প গুরুত্বপূর্ণ।

রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি দেখাতে নারাজ ভারত

রোহিঙ্গাদের প্রতি ভারতের বিরূপ মনোভাবের উদাহরণ হিসেবে ২০২৫ সালের মে মাসে দিল্লিতে শরণার্থীদের আটকের ঘটনাটি উল্লেখ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ৬ মে দিল্লিতে ৪০ জন মুসলিম ও খ্রিষ্টান রোহিঙ্গা শরণার্থীকে আটক করে ভারতীয় কর্তৃপক্ষ। তাদের মধ্যে ১৩ জন নারী ছিলেন। পরিচয় শনাক্ত করার জন্য তথ্য সংগ্রহের কথা বলে তাদের আটক করা হয়েছিল।

পরে ওই রোহিঙ্গাদের বিমানে করে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নেওয়া হয়। সেখানে জোর করে তাদের ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজে তোলা হয়।

দিল্লিতে বসবাসরত এক রোহিঙ্গা খ্রিষ্টান ব্যক্তি হিউম্যান রাইটস ওয়াচকে জানান, আটক ব্যক্তিদের মধ্যে তার ভাইও ছিলেন।

তার দাবি, জাহাজটি মিয়ানমারের উপকূলের কাছাকাছি পৌঁছানোর পর রোহিঙ্গাদের লাইফ জ্যাকেট দেওয়া হয়। এরপর তাদের সমুদ্রে ফেলে দেওয়া হয়।

এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার মুখে পড়ে ভারত। পরে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হলেও দিল্লি, জম্মু ও হায়দরাবাদের মতো শহরে হাজার হাজার রোহিঙ্গা এখনো অস্থায়ী শিবির ও ঝুপড়িবস্তিতে মানবেতর জীবন যাপন করছেন।

মিয়ানমার থেকে আসা চিন জনগোষ্ঠীর শরণার্থীদের প্রতি ভারতের মনোভাবের সঙ্গে রোহিঙ্গাদের প্রতি দেশটির আচরণের পার্থক্য রয়েছে বলে মনে করেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনিন্দিতা ঘোষাল। শরণার্থী বিষয়ে ইতিহাসের এই বিশেষজ্ঞ বলেন, মিয়ানমার থেকে অনেক চিন শরণার্থীও ভারতে এসেছেন। তাদের প্রতি ভারতের সহানুভূতিশীল মনোভাব রয়েছে। কিন্তু রোহিঙ্গাদের ক্ষেত্রে ভারতের মনোভাব মূলত বিরূপ।

তার মতে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সঙ্গে একই শ্রেণিতে ফেলতে চায় ভারত রোহিঙ্গাদের। অর্থাৎ, রোহিঙ্গাদেরও বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করতে চায় দেশটি।

কে শরণার্থী, কে অনুপ্রবেশকারী—সিদ্ধান্ত নেয় কীভাবে ভারত

ভারতে কে শরণার্থী আর কে অনুপ্রবেশকারী, তা নির্ধারণের বিষয়েও জটিলতা রয়েছে। কারণ, শরণার্থীদের বিষয়ে কোনো আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করেনি ভারত। ফলে শরণার্থীদের স্বীকৃতি দেওয়ার জন্য দেশটির নির্দিষ্ট কোনো আন্তর্জাতিক নীতিকাঠামো নেই।

অধ্যাপক অনিন্দিতা ঘোষাল এ প্রসঙ্গে ১৯৫১ সালের শরণার্থীদের মর্যাদাসংক্রান্ত কনভেনশন এবং ১৯৬৭ সালের প্রটোকলের কথা উল্লেখ করেন। এসব আন্তর্জাতিক চুক্তিতে শরণার্থীদের সুরক্ষার জন্য একটি কাঠামো নির্ধারণ করা হয়েছে। তবে ভারত এসব চুক্তির কোনোটিতেই স্বাক্ষর করেনি।

অনিন্দিতা ঘোষাল বলেন, ভারতে শরণার্থীদের বিষয়ে সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ কোনো নীতি নেই। কেন্দ্রীয় সরকার ও বিচারব্যবস্থার মাধ্যমে শরণার্থীদের বিষয়গুলো মোকাবিলা করা হয়। এ ক্ষেত্রে সুপ্রিম কোর্টেরও ভূমিকা রয়েছে।

তার মতে, শরণার্থীদের প্রতি ভারতের মনোভাব অনেকাংশে নির্ভর করে কেন্দ্রীয় সরকারে কোন দল ক্ষমতায় রয়েছে এবং সেই দলের নীতি ও দৃষ্টিভঙ্গি কেমন, তার ওপর।

সব মিলিয়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সঙ্গে এখনই কোনো আলোচনায় বসতে চাইছে না ভারত। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পরও নয়াদিল্লির অবস্থানে পরিবর্তনের আভাস নেই। ফলে ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জীবনে এই রায় আদৌ কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

এএম

‘শেষ স্থানীয় যোদ্ধা’ নিহত, কাশ্মীরে কি সত্যিই শেষ হচ্ছে সশস্ত্র তৎপরতা

দেশ ছেড়েও ভারত সরকারের রোষানল থেকে রেহাই পাচ্ছেন না জাকির নায়েক

মেয়ের বিয়েতে ৪ লাখ অতিথি ও ৫০০ রাঁধুনি

পিতৃত্বকালীন ছুটি চালু করল থালাপতি বিজয়ের সরকার

ভারতে মসজিদ-মাজার ও মুসলিমদের বাড়িঘর গুঁড়িয়ে দিয়ে হিন্দু ধর্মীয় উৎসবের প্রস্তুতি

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ১২ বাংলাদেশি গ্রেপ্তার

বাংলাদেশ সীমান্তে নিখোঁজ বিএসএফ জওয়ানের লাশ উদ্ধার

ভোটার তালিকায় বাবার নাম নেই, সন্তানকে জন্মসনদ দিতে অস্বীকৃতি

ভারতে আজ ফের বিক্ষোভে নামছে ককরোচ জনতা পার্টি

ভারতের মধ্যপ্রদেশে গুঁড়িয়ে দেওয়া হলো ৬৩৬ বছরের পুরোনো মসজিদ