বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক আরো এগিয়ে নিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণের পর ভারতের রাষ্ট্রপতির পক্ষ থেকে এ অভিনন্দনবার্তা দেওয়া হয়। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে।
অভিনন্দনবার্তায় দ্রৌপদী মুর্মু বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুলকে তিনি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবন ও নেতৃত্বের অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের কল্যাণে একটি সফল অধ্যায়ের সূচনা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ভারতের রাষ্ট্রপতি বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্কের ভিত্তি তৈরি হয়েছে অভিন্ন ত্যাগের ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং পারস্পরিক বন্ধুত্বের ওপর। সময়ের সঙ্গে জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুব উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা আরো বিস্তৃত হয়েছে।
দ্রৌপদী মুর্মু বলেন, দুই প্রতিবেশী দেশের অংশীদারত্বকে আরও দৃঢ় করতে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে একযোগে কাজ করার জন্য আগ্রহী।
বার্তার শেষাংশে মির্জা ফখরুলের সুস্বাস্থ্য ও সুখ, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনে সাফল্য এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন ভারতের রাষ্ট্রপতি।
এর আগে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে শপথ নিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এআরবি