ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে হারের চার মাসের মধ্যেই আবারো সরকারে ফেরার বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, ‘চিন্তা করবেন না। বিজেপির অন্যায়ের জবাব বিজেপির লোকেরাই দেবে। খুব তাড়াতাড়ি তৃণমূল কংগ্রেস আবার সরকারে ফিরবে।’
ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানেও তৃণমূলের দুই শিবিরের বিভাজন স্পষ্ট হয়ে ওঠেছে। মমতার নেতৃত্বাধীন শিবির ক্যাথিড্রাল রোডের সমাবেশ করে। অন্যদিকে, আপাতত বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির রানি রাসমণি রোডে মঞ্চ তৈরি করে কর্মসূচি পালন করে।
তবে ২১ জুলাইয়ের মতো শুক্রবারও মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট শিবিরের সমাবেশে তুলনামূলক বেশি মানুষের উপস্থিতি দেখা যায়। যদিও ঋতব্রত পক্ষের দুই তৃণমূল ছাত্রনেতা কোহিনুর মজুমদার ও সুদীপ রাহা তাদের সমাবেশ সফল হয়েছে বলে দাবি করেন। তাদের ভাষ্য, আদালত সমাবেশে লোকসংখ্যা নির্দিষ্ট করে দিয়েছিল। সেই নির্দেশনা মেনেই কর্মসূচি পালন করা হয়েছে।
গত ২১ জুলাইয়ের সমাবেশও আদালতের অনুমতি নিয়ে অনুষ্ঠিত হয়েছিল। তবে ওই সমাবেশের পর আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে মমতার কাছে নোটিশ পাঠানো হয়েছিল।
সমাবেশে পুলিশের বিরুদ্ধেও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলেন মমতা। তিনি বলেন, ‘পুলিশ আমাদের সভা, মিছিল করার অনুমতি দিচ্ছে না। আমি স্পষ্ট বলছি, এর পর আমি জেলায় যাব। পুলিশ অনুমতি না দিলে জনগণের অনুমতি নিয়ে কর্মসূচি করব। দরকার হলে হাঁটব। তারপর দেখি তোমরা কী করো।’
এর আগে বক্তব্য দিতে গিয়ে পুলিশের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে তার কার্যালয়ে লাগানো বিলবোর্ড খুলতে পুরসভা ও পুলিশের অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ‘অত্যাচার ততটাই করো, যতটা সহ্য করতে পারবে।’
সমাবেশে অভিষেক, কুণাল ঘোষ ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূল নেতারা ঋতব্রত শিবির এবং দিল্লিতে এনসিপিআইয়ে যোগ দেওয়া ২০ জন সাংসদকে ‘বেইমান’ বলে আক্রমণ করেন। তাদের কোনোভাবেই যেন আবার দলে ফিরিয়ে নেওয়া না হয়, সেই দাবিও তোলা হয়।
এরই ধারাবাহিকতায় মমতা বলেন, ‘ওদের বিরুদ্ধে আইনি লড়াই কল্যাণেরা লড়ছেন। মানুষের কাছেও ওদের জবাব দিতে হবে। আবার একটা পরিবর্তন আসছে।’
দিল্লিসহ ভারতের বিভিন্ন এলাকায় ছাত্র আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগকে তৃণমূলের জন্য ইতিবাচক ঘটনা হিসেবে তুলে ধরেন মমতা ও অভিষেক।
সূত্র: আনন্দবাজার
এমএমআর