হোম > বিশ্ব > ভারত

ককরোচ আন্দোলন ঘিরে দায়ের সব মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

গত ২০ জুলাই ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের জেরে ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্তর নেতৃত্বাধীন বেঞ্চ গত ২০ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে করা সব এফআইআর বাতিল বলে ঘোষণা করেন। তবে যাদের বিরুদ্ধে পূর্বে গুরুতর ফৌজদারি অপরাধের রেকর্ড রয়েছে, কেবল তাদের মামলা এর আওতামুক্ত রাখা হয়েছে।

আদালত জানিয়েছে, দেশজুড়ে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শিক্ষার্থীদের বিরুদ্ধে এ সংক্রান্ত দায়ের হওয়া সব মামলা বাতিল বা নিস্ক্রিয় বলে গণ্য হবে। সর্বোচ্চ আদালতের এই ইতিবাচক পদক্ষেপের পর সিজেপি তাদের পূর্বঘোষিত আগামী ৫ সেপ্টেম্বরের দিল্লি মার্চের কর্মসূচি স্থগিত করেছে।

কেন্দ্র সরকারের পক্ষ থেকে আদালতে আশ্বস্ত করা হয়, ২০ জুলাইয়ের সিজেপি বিক্ষোভ সংক্রান্ত মামলাগুলো প্রত্যাহার করে নেওয়া হবে এবং ভবিষ্যতে এ নিয়ে নতুন কোনো মামলা দায়ের করা হবে না। কেন্দ্রের এই আশ্বাসের ভিত্তিতেই আদালত সংবিধানের ১৪২ অনুচ্ছেদের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই নির্দেশ দেয়।

তবে যন্তর মন্তরের বিক্ষোভে অংশ নেওয়া এবং গুরুতর ফৌজদারি অপরাধের রেকর্ড থাকা ২ হাজার ৮৭৩ জন ব্যক্তির বিরুদ্ধে একটি নির্দিষ্ট এফআইআর পরিচালনা করার স্বাধীনতা দিল্লি পুলিশকে দিয়েছে আদালত।

কেন্দ্রের ইতিবাচক পদক্ষেপ এবং আদালতের রায়ের পর সিজেপির মুখপাত্র ও সহ-আহ্বায়ক সৌরভ দাস আদালতে উপস্থিত হয়ে ৫ সেপ্টেম্বরের প্রতিবাদ মিছিলের ডাক প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি বলেন, ভারতের সরকারের ইতিবাচক আশ্বাস এবং আজ আদালত যে আইনি স্বীকৃতি দিয়েছে, তার প্রেক্ষিতে সিজেপি ৫ সেপ্টেম্বরের মার্চের ডাক প্রত্যাহার করা সমীচীন মনে করছে। এই সিদ্ধান্তের জন্য তিনি আদালত ও উভয় পক্ষের আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, কেন্দ্র (দিল্লি পুলিশ) এবং বিহার, আসাম, পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র রাজ্য সরকারগুলো ছাত্র বিক্ষোভের সাথে জড়িত এফআইআরগুলো খারিজ করতে নিজেরাই আবেদন করেছিল। উভয় পক্ষের এমন সহযোগিতাপূর্ণ মনোভাবকে সাধুবাদ জানিয়ে প্রধান বিচারপতি বলেন, উভয় পক্ষ যদি সদিচ্ছা দেখায়, তবে আলোচনা মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব।’’

শুনানিকালে সলিসিটর জেনারেল আরও জানান, নিট-ইউজি ২০২৬ পরীক্ষা বাতিল হওয়ার পর যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে কেন্দ্র বদ্ধপরিকর। তবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে আদালতের কাছে তিন মাস সময় চাওয়া হয়। আদালত কেন্দ্রকে আগামী তিন মাসের মধ্যে ক্ষতিপূরণের প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিট পরীক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে বিলম্বের অভিযোগে গত ২৪ আগস্ট ৫ সেপ্টেম্বরের বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি।

সূত্র: এনডিটিভি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাবিতে বর্ণাঢ্য র‍্যালি

‘খুনিরা হাদিকে হত্যা করেছে, তার চিন্তা ও আদর্শকে হত্যা করতে পারেনি’

বাংলাদেশে প্রথম পূর্ণাঙ্গ রোবোটিক সার্জারি, একদিনে দুই অস্ত্রোপচার

ভিসা নিয়ে মার্কিন সুখবরের তালিকায় বাংলাদেশ

দুর্জয়ের স্ত্রীসহ তিনজনের সম্পদের হিসাব তলব করবে দুদক

ইরানের পাল্টা হামলায় ইসরাইল-যুক্তরাষ্ট্রের ভয়াবহ ক্ষতির দাবি তেহরানের

ওসমানীনগরে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল নিয়ে মুখোমুখি বিএনপির দুই পক্ষ

‘মক্কা প্যাক্টে অংশ নিতে পরিস্থিতি যাচাই-বাছাই করছে বাংলাদেশ’

চলন্ত ট্রেনে যাত্রী ধর্ষণের ঘটনায় রেলওয়ে থানায় মামলা, গ্রেপ্তার ১

‘সিনেমায় অভিনয়কে পাপ বলিনি’, বিতর্ক নিয়ে মুখ খুললেন পপি