রাশিয়ার দক্ষিণ উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা করেছে ইউক্রেন। জাহাজটিতে ছিলেন ২৩ ভারতীয় নাবিক। পরে সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার পরিবহন মন্ত্রণালয়।
লাইবেরিয়ার পতাকাবাহী ট্যাংকারটিতে হামলার পর আগুন ধরে যায়। ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে জনপ্রিয় পর্যটন শহর সোচির আকাশে। আগুনের তীব্রতার কারণে তাৎক্ষণিকভাবে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে পারেননি। আগুনের কারণে সোচির উপকূল ও সৈকতে মানুষের প্রবেশও সীমিত করা হয়।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা বাড়ছে। সম্প্রতি রোমানিয়ার উপকূলের কাছেও ইউক্রেনীয় পণ্যবাহী শস্যজাহাজে রুশ হামলার অভিযোগ ওঠে।
ইউক্রেন দাবি করে, রুশ হামলার জবাব হিসেবেই তারা রাশিয়ার তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। পাল্টাপাল্টি হামলা আরও বাড়ানোর হুমকি দিয়েছে উভয় পক্ষ। এদিকে, আগের ইউক্রেনীয় হামলায় দক্ষিণ রাশিয়ার বিভিন্ন তেল স্থাপনায় তেল ছড়িয়ে পড়া, সৈকত বন্ধ এবং বিষাক্ত কালো বৃষ্টির মতো পরিস্থিতিরও খবর পাওয়া গেছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
আরএ