ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এ অনিয়মের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন ভারতীয় পার্লামেন্টের বিরোধীদলীয় রাহুল গান্ধী। মামলাকারী হিসেবে পিটিশনে নাম রয়েছে ইন্ডিয়া জোটের আরও সাত নেতার। নির্বাচন কমিশেনর বিরুদ্ধে এই মামলা দায়ের হলো সোমবার। একই ইস্যুতে এদিন কনট প্লেসের কাছ থেকে রাহুল গান্ধীর নেতৃত্ব শুরু হয় মিছিল। ভগবান দাস মার্গ-এর কাছে দিল্লি পুলিশ এই মিছিল আটকে দেয়। নির্ধারিত সময়ের মধ্যে রাহুল গান্ধীর তরফে তার আইনজীবী এই পিটিশন দাখিল করেছেন।
এসআইআর সংক্রান্ত অভিযোগ এবং পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত পৃথক মামলা বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টে। এবার সরাসরি রাহুল-সহ ইন্ডিয়া জোটের নেতারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে পিটিশন দাখিল করলেন।
এই পিটিশনে মামলাকারী হিসেবে নাম রয়েছে—কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়্গে, তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সৌগত রায়, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, আরজেডি নেতা তেজস্বী প্রসাদ যাদব, শিবসেনার (ইউবিটি) সংসদ সদস্য সঞ্জয় রাউত, সিপিআই (এম) এর এম এ বেবি এবং সিপিআই নেতা ডি রাজার।
গত সপ্তাহে একই ইস্যুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের পরে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে দেখা করার কর্মসূচি নিয়েছিলেন ইন্ডিয়া জোটের সদস্যরা। যদিও সেই সাক্ষাতের অনুমতি দেননি সূর্য কান্ত। এদিন সকালেই প্রধান বিচারপতি জানিয়েছিলেন, বিষয়টি নিয়ে বিরোধীদের আইনের দ্বারস্থ হওয়া উচিত। সুপ্রিম কোর্টের দরজা সকল নাগরিকের জন্যেই খোলা রয়েছে। সেই অনুযায়ী এদিন রাহুল-সহ বিরোধী নেতারা এই পিটিশন দাখিল করেছেন বলে ধারণা রাজনৈতিক মহলে।
যদিও কংগ্রেসের এই পদক্ষেপের নিন্দা করেছেন বিজেপি নেতৃত্ব। বিজেপির সংসদ সদস্য অনুরাগ ঠাকুর রাহুল গান্ধী ও কংগ্রেসের বিরুদ্ধে বিচার বিভাগকে ভয় দেখানো এবং নির্বাচন সংক্রান্ত বিষয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টার অভিযোগ তুলেছেন।