ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দীপকেকে বহনকারী বিমান মুম্বাই থেকে দিল্লিতে নামার সঙ্গে সঙ্গেই তাকে এবং তার দুই সহকর্মী সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করেছে পুলিশ। বিমান থেকেই তাদের মুখে শোনা গেছে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান। বর্তমানে এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মুম্বাই থেকে আসা বিমানটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করার পরপরই সেখানে বিপুলসংখ্যক পুলিশকর্মী উপস্থিত হন। পুলিশ তাদের আটক করতে এগিয়ে গেলে শুরু হয় বাগ্বিতণ্ডা। সিজেপি নেতাদের বলতে শোনা যায়, ‘আসুন, গ্রেপ্তার করুন। আমরা তার জন্যই অপেক্ষা করছি।’ এর মধ্যেই বিমানে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেওয়া হয় এবং আশপাশের যাত্রীরা পুরো ঘটনার ভিডিও রেকর্ড করতে শুরু করেন। বিমানটি শনিবার সকাল ১০টা ১৯ মিনিটে অবতরণ করে।
দিল্লিতে নামলেই যে তাদের আটক করা হতে পারে, সে বিষয়ে আগে থেকেই আশঙ্কা করেছিলেন অভিজিৎ দীপকে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে শনিবার বিক্ষোভের ডাক দিয়েছিলেন তিনি।
শুক্রবার গভীর রাতে এক ভিডিও বার্তায় অভিজিৎ বলেছিলেন, বিমানবন্দর থেকেই তাকে গ্রেপ্তার করা হতে পারে। তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, ‘আমাকে আটক করা হলেও শনিবারের বিক্ষোভ কর্মসূচি বন্ধ করা যাবে না। আমরা গণতন্ত্র বাঁচাতে চাই। সরকার আমাদের বিরুদ্ধে এনএসএ (জাতীয় নিরাপত্তা আইন) বা ইউএপিএ (বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন) প্রয়োগ করতে পারে, তবুও আমি ভয় পাই না।’