ভারতের ঝাড়খণ্ডের রামগড় জেলায় দু্ই গাড়ির সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। রোববার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
রাঁচি-পাটনা মহাসড়কের পেইনকি গ্রামের কাছে কুজু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা সবাই বিহারের নালন্দা জেলার বাসিন্দা।
রামগড়ের মহকুমা পুলিশ কর্মকর্তা অলোক রঞ্জন বলেন, একটি স্করপিও গাড়িতে তিন নারীসহ মোট ১৩ জন যাত্রী ছিলেন। সামনে থাকা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর স্করপিওটি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ির সব যাত্রীই বিহারের নালন্দা জেলার বাসিন্দা।
দুর্ঘটনার বিস্তারিত কারণ এখনো জানা যায়নি। কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
রামগড় সদর হাসপাতালের সিভিল সার্জন চিকিৎসক অনিল কুমার জানান, দুর্ঘটনাটি গত রাত ২টার দিকে ঘটে। গাড়িটিতে মোট ১৪ জন ছিলেন। রাত আড়াইটার দিকে আহতদের রামগড় সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা ১৩ জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর একজন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
সূত্র: পিটিআই
আরএ