২০০২ সালে গুজরাটে মুসলিমবিরোধী সহিংসতার সময় বিলকিস বানোকে গণধর্ষণ এবং তার পরিবারের সদস্যদের হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই ব্যক্তির সাজা স্থগিত করে জামিন দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। তবে ভুক্তভোগীকে না জানিয়ে বা তার বক্তব্য না শুনে দেওয়া এই আদেশের তীব্র সমালোচনা করেছেন দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সংসদ সদস্য ও সংগঠনগুলো। এদিকে, মোদির ভারতে মুসলিম হওয়ার কারণেই এমন আচরণ বলে মন্তব্য করেছেন এক কংগ্রেস নেতা।
সোমবার এক বিবৃতিতে বিলকিস বানো জানান, সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে তিনি আদালতের আদেশের কথা জানতে পেরেছেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ জানানোরও ঘোষণা দিয়েছেন তিনি।
বিলকিস বলেন, ‘আমি এখনো বিশ্বাস করতে পারছি না, দ্বিতীয়বারের মতো সুপ্রিম কোর্ট আমাকে না ডেকে, আমার বক্তব্য না শুনেই আদেশ দিয়েছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকেই বিষয়টি জেনেছি।’
তিনি আরো বলেন, আমি আবারও আতঙ্কিত হয়ে পড়েছি। নিজের জন্য, আমার পরিবারের জন্য এবং আমার সন্তানদের জন্য। আর আমি ভয় পাচ্ছি যে, ন্যায়বিচারের প্রতি আবারও বিশ্বাস হারানোর ভয় হচ্ছে আমার।’
মোদির ভারতে মুসলিম হওয়ার কারণেই এমন আচরণ: কংগ্রেস নেতা
কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্য পবন খেরা বলেন, বিলকিস বানোকে নতুন করে অপমান ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে বাধ্য করা হচ্ছে।
তিনি বলেন, ‘তার ওপর সংঘটিত নিষ্ঠুর ও ভয়াবহ অপরাধই যথেষ্ট ছিল না, এখন তাকে নতুন করে অপমান ও মানসিক আঘাত সহ্য করতে হচ্ছে। নারী হওয়ার কারণেই একজনকে এই মূল্য দিতে হয়, আর মুসলিম হলে তা আরো বেশি।’
ঘটনার সময় নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন উল্লেখ করে পবন খেরা বলেন, নির্ভয়া ধর্ষণ মামলার মতো বিলকিস বানো মামলাও নারীর নিরাপত্তা, ন্যায়বিচার ও জবাবদিহি নিয়ে দেশজুড়ে আলোচনার জন্ম দেওয়া উচিত ছিল।
নির্ভয়া মামলার পর সরকার বিচারপতি জে এস ভার্মা কমিটি গঠন এবং ২০১৩ সালে ফৌজদারি আইন সংশোধন করলেও বিলকিস বানোর ক্ষেত্রে তেমন কোনো ক্ষোভ বা পদক্ষেপ দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি।
পবন খেরা বলেন, ‘কেন এমন হলো? কারণ তিনি মোদির ভারতে একজন মুসলিম। এটাই তার অপরাধ।’
কংগ্রেসের আরেক সংসদ সদস্য ড. সৈয়দ নাসির হুসাইনও আদালতের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, সিদ্ধান্ত নেওয়ার আগে বিলকিস বানোকে জানানো হয়নি, তার বক্তব্যও শোনা হয়নি। একজন নির্যাতিতার কষ্ট, ন্যায়বিচারের জন্য দীর্ঘ সংগ্রাম ও মর্যাদাকে এভাবে উপেক্ষা করা যায় না।
বিলকিস বানোর ন্যায়বিচারের লড়াইয়ে সংহতি প্রকাশ করে তিনি বলেন, কোনো নারী ও তার পরিবারকে এমন ভয়াবহ নির্যাতন এবং স্বজন হারানোর যন্ত্রণা ভোগ করতে হওয়া উচিত নয়।
সূত্র: মাকতুব মিডিয়া
এমএমআর