হোম > বিশ্ব > ভারত

রাশিয়ার তেলের ওপর নির্ভরশীল ভারত, নতুন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

এনডিটিভি

রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ করে বিকল্প উৎসে পুরোপুরি সরে আসা ভারতের জন্য সহজ নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার মতে, ভারত জ্বালানি আমদানির উৎসে বৈচিত্র্য আনলেও দেশটির চাহিদার উল্লেখযোগ্য অংশ এখনও রাশিয়ার ওপর নির্ভরশীল। এক দিনেই এই নির্ভরতা কাটিয়ে ওঠা সম্ভব নয়।

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং রুশ জ্বালানি কেনা দেশগুলোর ওপর শুল্ক আরোপের সম্ভাব্য প্রভাব পর্যালোচনায় ৬০ দিন সময় নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার উজবেকিস্তান ও ভারত সফরে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন রুবিও।

রুবিও বলেন, প্রস্তাবিত নিষেধাজ্ঞাগুলো শুধু রাশিয়ার ওপরই প্রযোজ্য নয়। ভারতসহ আরো কয়েকটি দেশের ওপর শুল্ক আরোপের বিষয়টিও এর সঙ্গে যুক্ত। ফলে এসব পদক্ষেপ বিশ্ব অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রের নিজস্ব অর্থনীতিতে কী প্রভাব ফেলতে পারে, তা বিশ্লেষণ করতে চান ট্রাম্প।

তিনি বলেন, ভারত স্বেচ্ছায় জ্বালানি আমদানির উৎসে বৈচিত্র্য এনেছে। তবে দেশটি এখনও রাশিয়া থেকে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি কিনছে। এক দিন থেকে আরেক দিনে সরবরাহের উৎস পরিবর্তন করা কঠিন। একই সঙ্গে ভারত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ও অংশীদার।

রুবিওর ভাষ্য, নিষেধাজ্ঞা ও শুল্কের প্রভাব মূল্যায়নের পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সরবরাহের পরিস্থিতিও বিবেচনায় নিতে হবে। ইরানকে কেন্দ্র করে যুদ্ধ, সৌদি আরবে হুথিদের হামলা এবং রাশিয়া-ইউক্রেন সংঘাত বিশ্ববাজারে জ্বালানির দামে প্রভাব ফেলছে। এসব বিষয় বিবেচনা করেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতে চায় ওয়াশিংটন।

রাশিয়ার জ্বালানিতে শুল্ক আরোপ স্থগিত

গত শুক্রবার ট্রাম্প রাশিয়া ও ইরান বিষয়ক নিষেধাজ্ঞা আইনের আওতায় কিছু নিষেধাজ্ঞা ও শুল্ক কার্যকরের ক্ষেত্রে ছাড় দেন। জাতীয় স্বার্থের কথা উল্লেখ করে নেওয়া এ সিদ্ধান্তে রাশিয়ার জ্বালানি কেনা দেশগুলোর ওপর সম্ভাব্য শাস্তিমূলক শুল্ক আপাতত এড়ানোর সুযোগ তৈরি হয়েছে।

আইনটির আওতায় রাশিয়ার তেল ও প্রাকৃতিক গ্যাসের শীর্ষ পাঁচ ক্রেতা দেশের যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া হয়েছিল। ভারত ও চীনও সম্ভাব্য শুল্কের আওতায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে।

রুবিও বলেন, আইনটি প্রণয়নের সময়ই পরিস্থিতি পর্যালোচনার জন্য কিছু সময় রাখার প্রয়োজনীয়তা বিবেচনা করা হয়েছিল। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে জ্বালানি সরবরাহের ওপর বিভিন্ন সংঘাতের প্রভাব পড়ছে। তাই নিষেধাজ্ঞা ও শুল্ক কার্যকরের সম্ভাব্য ফলাফল পরস্পরের সঙ্গে মিলিয়ে দেখা জরুরি।

ট্রাম্পের এ সিদ্ধান্তের কয়েক দিন আগে রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম কমানোর উদ্যোগের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

কেন রাশিয়ার তেলের ওপর নির্ভরশীল ভারত

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে অনেক ক্রেতা রাশিয়ার তেল কেনা কমিয়ে দিলে দেশটি এশিয়ার বাজারে ছাড়ে তেল বিক্রি শুরু করে। এ সুযোগে রাশিয়া থেকে তেল আমদানি বাড়ায় ভারত। তুলনামূলক কম দামে অপরিশোধিত তেল পাওয়ায় দেশটির শোধনাগারগুলোর ব্যয় কমানো এবং জ্বালানি আমদানির খরচ নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।

যুদ্ধের আগে ভারতের মোট তেল আমদানিতে রাশিয়ার অংশ ছিল প্রায় ২ শতাংশ বা তারও কম। পরে রাশিয়া ভারতের অন্যতম প্রধান সরবরাহকারী হয়ে ওঠে। কোনো কোনো সময়ে ভারতের মোট অপরিশোধিত তেল আমদানির ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত এসেছে রাশিয়া থেকে। গত মাসে ভারত প্রতিদিন প্রায় ১৯ লাখ ব্যারেল রুশ অপরিশোধিত তেল আমদানি করেছে, যা ওই মাসে দেশটির মোট তেল আমদানির প্রায় ৩৫ শতাংশ।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আইন নিয়ে গত ১৭ সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, দেশটির ১৪০ কোটি মানুষের জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। বাজার পরিস্থিতি বিবেচনায় রেখে বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহ অব্যাহত রাখা হবে বলেও জানায় নয়াদিল্লি।

ভারত আরো জানিয়েছিল, বিষয়টি নিয়ে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্ক ও আন্তর্জাতিক জ্বালানিবাজারে সম্ভাব্য প্রভাব সম্পর্কে ওয়াশিংটনকে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নয়াদিল্লি। একই সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে দেশটি।

‘দুর্গাপুজো’ বনাম ‘শারদোৎসব’—পশ্চিমবঙ্গজুড়ে শারদীয় বুক স্টল ভাঙচুর ঘিরে উত্তেজনা

ভারতে আটক বিক্ষোভকারীদের বাড়ি ফেরাতে এআইয়ের সহায়তা নিচ্ছেন স্বেচ্ছাসেবকেরা

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর ঘিরে বিতর্ক, চাপে ওয়াশিংটন-দিল্লি সম্পর্ক

ভারতের সিইসির পদত্যাগ দাবিতে এবার লন্ডনে বিক্ষোভ, ইনকিলাব জিন্দাবাদ স্লোগান

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত ১২, আহত ২৭

কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৯

ভারত ছাড়ার নোটিশ বাতিল চেয়ে হাইকোর্টে অভিনেতা ইমরান খান

ককরোচ প্রধান অভিজিৎকে মুক্তির নির্দেশ আদালতের

শিশুদের ইন্টারনেট ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ রায় ভারতের সুপ্রিম কোর্টের

ভারতের গুজরাটে কারখানায় বিস্ফোরণ, নিহত ৫