হোম > বিশ্ব > ভারত

জনরোষ ধামাচাপা দিতে মরিয়া শুভেন্দু সরকার

বিশেষ প্রতিনিধি, কলকাতা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বারুইপুরে ১১ বছর বয়সি এক মুসলিম ছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তদন্তের পাশাপাশি পুলিশের বিলম্বিত তৎপরতা ও প্রাথমিক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। এ অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজি) সিদ্ধনাথ গুপ্ত।

গতকাল মঙ্গলবার বারুইপুরে গিয়ে তদন্ত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ডিজি। পরে রেললাইনের পাশের সেই পুকুর পরিদর্শন করেন, যেখান থেকে কিশোরীর লাশ উদ্ধার করা হয়। তদন্তের অগ্রগতি, আলামত ও গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে পাওয়া তথ্য-প্রমাণ পর্যালোচনা করেন তিনি।

এ ঘটনায় এখন পর্যন্ত আনন্দ সর্দার, প্রভাস মণ্ডল ও দিবাকর সর্দার নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য প্রকাশে বিরত থাকলেও ডিজি বলেন, পুলিশের প্রতিক্রিয়ায় বিলম্বের অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, কিশোরীকে একটি ঝুপড়িতে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হয়। পরে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং পা দিয়ে নাবালিকার গলায় চাপ দেওয়া হয়। শেষ নিঃশ্বাস স্তব্ধ না হওয়া পর্যন্ত তার ওপর চলে নির্মম অত্যাচার। কিশোরীর ছোট্ট শরীরজুড়ে ছিল অজস্র ক্ষত। তদন্তকারীদের দাবি, এরপর লাশ গোপনের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত রেললাইনের পাশের একটি পুকুরে তাকে ফেলে দেওয়া হয়।

ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যৌন নির্যাতনের পাশাপাশি মাথায় আঘাতের চিহ্ন এবং শরীরের বিভিন্ন স্থানে আঁচড় ও কামড়ের দাগ রয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, কিশোরীকে পানিতে ফেলে দেওয়ার সময় সে জীবিত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত ফরেনসিক প্রতিবেদনের পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হবে।

গত রোববার রাতে জানাজা শেষে সূর্যপুরের কেয়াতলা হাইস্কুলের ক্লাস সিক্সের এই ছাত্রীকে দাফন করা হয়। শোক ও কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরা। নিহতের মা দ্রুত বিচার দাবি করে বলেন, আমার মেয়ে যেভাবে কষ্ট পেয়েছে, অপরাধীদেরও আইনের সর্বোচ্চ শাস্তি হোক।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিক্ষোভ দেখা দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন সতর্ক অবস্থান নেয়। এ সময় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরের পুলিশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তবে ছাত্রী হত্যার ঘটনা নিয়ে যারা বিক্ষোভ দেখাতে চাইছেন তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, যারা আইন হাতে তুলে নেবে তাদের কাউকে ছাড়ব না। রেললাইন অবরোধ, পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনাকে বেশি গুরুত্ব দিয়ে তিনি জনরোষকে ধামাচাপা দিতে চেষ্টা করেন এদিন। সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালীঘাটের বাড়িতে রীতিমতো অন্তরীণ করে রাখে শুভেন্দুর সরকার। মোমবাতি মিছিল করলেও প্রশাসন মমতাকে বারুইপুরের ঘটনাস্থলে যেতে দেয়নি বলে জানা গেছে।

ভারতে মুসলমানদের মসজিদ-বসতি উচ্ছেদ, জামাত-ই-ইসলামি হিন্দের প্রতিবাদ

সীমান্তে অস্থিরতা জিইয়ে রাখার কৌশল ভারতের

কার্যালয়ে তালা দিতে পারবেন, কিন্তু মানুষের হৃদয়ে নয়: মমতা

থাইল্যান্ডে মিলল প্রায় ২ হাজার বছরের পুরোনো ভারতীয় আংটি

রামমন্দিরের পর বদ্রীনাথ ধামে দানের টাকা চুরি

পুরস্কারের গন্ধ পেলেই ছুটে যান মোদি

মমতার তৃণমূল কার্যালয় বিদ্রোহীদের দখলে

বাংলাদেশে তিস্তা প্রকল্প ও চীনা যুদ্ধবিমান কেনার দিকে নজর রাখছে ভারত

খামেনির জানাজায় প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত

ভারতের বেঙ্গালুরুতে পাথর ধসে ৭ জনের মৃত্যু