ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশটির রাজধানী দিল্লিতে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। যন্তর মন্তরে আয়োজিত এ বিক্ষোভ কর্মসূচিতে আম আদমি পার্টির নেতাদের পাশাপাশি বিভিন্ন ছাত্র ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এরইমধ্যে পাঁচ শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।
বিক্ষোভে অংশ নেওয়া নেতাদের মধ্যে ছিলেন আম আদমি পার্টির নেত্রী অতশী, সৌরভ ভরদ্বাজ, সঞ্জীব ঝা ও রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং। অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া, ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়াসহ বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরাও এতে অংশ নেন।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআই প্রক্রিয়ায় অনিয়ম এবং বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা।
পুলিশের দাবি, বিক্ষোভের জন্য প্রয়োজনীয় অনুমতি না থাকায় এবং নিরাপত্তাজনিত কারণে কর্মসূচিতে বাধা দেওয়া হয়। তবে আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ বলেন, বিক্ষোভের অনুমতির জন্য প্রায় এক সপ্তাহ আগে আবেদন করা হয়েছিল।
পুলিশ জানায়, সঞ্জয় সিং যন্তর মন্তরে যাওয়ার পথে নর্থ অ্যাভিনিউ এলাকায় বাধাপ্রাপ্ত হন। পরে সৌরভ ভরদ্বাজ ও সঞ্জীব ঝাকেও আটক করা হয়। পুলিশের এক সূত্রের দাবি, স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়ার প্রায় ৭০০ সদস্য যন্তর মন্তরের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের অশোক রোড এলাকায় আটকে দেওয়া হয় এবং কয়েকজনকে আটক করা হয়।
বিক্ষোভ ঘিরে দিল্লির বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে দিল্লি পুলিশ। যন্তর মন্তর ও আশপাশের এলাকায় বিধিনিষেধ আরোপের পাশাপাশি কয়েকটি মেট্রো স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ রাখা হয়। রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট ও যন্তর মন্তর মেট্রো স্টেশনেও সাময়িকভাবে যাত্রী চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়। বিক্ষোভস্থলসংলগ্ন এলাকায় ইন্টারনেট পরিষেবাও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
আরএ