মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সিরিয়া, গাজা ও লেবাননের পাশে থাকার অঙ্গীকার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। তুরস্ক ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে এবং সিরিয়া সফরের পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন তিনি।
আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান এসব কথা বলেন। তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) ২৫ বছর পূর্তি উপলক্ষে নেওয়া এ সাক্ষাৎকারে তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন।
সিরিয়া প্রসঙ্গে এরদোয়ান বলেন, আসাদ সরকারের পতনের পর দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তুরস্ক সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। তিনি শিগগিরই সিরিয়া সফরের পরিকল্পনার কথাও জানান। তুরস্কের রাষ্ট্রদূত নুহ ইয়িলমাজও আশা প্রকাশ করেছেন, চলতি বছরের শেষের আগে এরদোয়ান দামেস্ক সফর করতে পারেন।
গাজা প্রসঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনের প্রতি আঙ্কারার সমর্থন অব্যাহত থাকবে। তিনি ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত না মানার অভিযোগ করেন এবং বলেন, হামাস তাদের প্রতিশ্রুতি আন্তরিকতার সঙ্গে পালন করেছে।
লেবাননের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এরদোয়ান। তিনি বলেন, দেশটিতে ইসরাইলের চলমান হামলা গভীর উদ্বেগের কারণ। এ বিষয়টি তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও আলোচনা করেছেন বলে জানান।
এদিকে, সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির কথাও উল্লেখ করেন এরদোয়ান। তিনি জানান, ভবিষ্যতে মিসরও এ চুক্তিতে যোগ দিতে পারে। চুক্তির আওতায় তিন দেশ রাজনৈতিক ও সামরিক সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা করছে।
এরদোয়ান বলেন, আঞ্চলিক অস্থিরতার মধ্যে তুরস্ক তার প্রতিবেশীদের ছেড়ে যাবে না। সিরিয়া, গাজা ও লেবাননে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আঙ্কারা সহযোগিতা অব্যাহত রাখবে।
সূত্র: ডেইলি সাবাহ