সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ জোর প্রদেশে একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে ১১ সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৯ জন।
শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।
সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, দেইর আজ জোরের পশ্চিমাঞ্চলীয় আইয়াশ শহরে সিরিয়ান আরব আর্মির একটি অবস্থানের ভেতরে থাকা অস্ত্রের গুদামে বিস্ফোরণটি ঘটে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আল ইখবারিয়া জানিয়েছে, ওই স্থাপনায় ভারী গোলাবারুদ পরিবহনের সময় বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের এক দিন পর শনিবার নিহত সেনাদের লাশ নিয়ে দেইর আজ জোর শহরে শোকযাত্রা হয়। আল ইখবারিয়ার প্রচার করা ভিডিওতে দেখা যায়, শহরের ন্যাশনাল হাসপাতালের বাইরে শোকাহত মানুষ জড়ো হয়েছেন। সিরিয়ার পতাকায় মোড়ানো নিহত সেনাদের লাশ সেখান থেকে শোকযাত্রায় নিয়ে যাওয়া হয়।
প্রাদেশিক সরকারের বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণে ৯ সেনাসদস্য আহত হয়েছেন। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে সিরিয়ার কোনো সামরিক স্থাপনায় এটি দ্বিতীয় বিস্ফোরণ।
এর আগে ৯ সেপ্টেম্বর উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের সারমাদায় অস্থায়ী অস্ত্র ও যুদ্ধের অবশিষ্টাংশ সংরক্ষণাগারে বিস্ফোরণে ১৪ সেনা নিহত হন। ওই ঘটনায় বেসামরিক নাগরিকসহ ১০ জনের বেশি আহত হন।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, সংরক্ষণাগারটিতে গৃহযুদ্ধের সময় পড়ে থাকা অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করে রাখা হয়েছিল। পরে নিয়ম অনুযায়ী সেগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার কথা ছিল।
এ ছাড়া ১ সেপ্টেম্বর ইদলিবের বিনিশে গোলাবারুদ বহনকারী একটি গাড়িতে বিস্ফোরণে পাঁচজন নিহত ও কয়েকজন আহত হন বলে জানিয়েছিল সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।
এক দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের পর সিরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। সেগুলো সরিয়ে নেওয়ার কাজ চলার মধ্যেই দেশটিতে এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটছে।
এএম