হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে নেতানিয়াহুর ‘বর্ণবাদী’ প্রচারের নিন্দা আইজেনকোটের

আলজাজিরা

ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোট। ছবি: রয়টার্স

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ফিলিস্তিনি নাগরিকদের লক্ষ্য করে ‘বর্ণবাদী ও সহিংস’ প্রচার চালানোর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী গাদি আইজেনকোট। নির্বাচনি প্রচারের সময় রাজনৈতিক স্বার্থে নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ ব্যক্তিরা এ প্রচারে উসকানি দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

আইজেনকোট বলেছেন, ইসরাইলের আরব নাগরিকদের একটি জনগোষ্ঠী হিসেবে হেয় করা এবং প্রান্তিক করে রাখার চেষ্টা রাষ্ট্রবিরোধী কাজ।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া দীর্ঘ এক পোস্টে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন আইজেনকোট। তিনি বলেন, ইসরাইলের মোট জনসংখ্যার ২১ শতাংশ আরব নাগরিক। নির্বাচনি প্রচার শুরুর পর থেকে তারা বর্ণবাদী ও সহিংসভাবে বৈধতা অস্বীকারের প্রচারের শিকার হচ্ছেন। বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ মহল রাজনৈতিক স্বার্থে এ প্রচারে উসকানি দিচ্ছে।

আইজেনকোট লিখেছেন, ‘ইসরাইলের প্রধানমন্ত্রী সব নাগরিকের প্রধানমন্ত্রী। এমনকি যারা তাকে ভোট দেননি, তাদেরও। ইসরাইলের আরব নাগরিকেরা দেশটির ইতিহাস ও পরিচয়ের অংশ। তাদের প্রান্তিক করে রাখা এবং একটি জনগোষ্ঠী হিসেবে অপবাদ দেওয়ার চেষ্টা রাষ্ট্রবিরোধী কাজ।’

গত ২৭ অক্টোবর ইসরাইলের নির্বাচনে আইজেনকোটের নেতৃত্বাধীন চার দলের জোট ৪৮টি আসন পেয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর উগ্রইহুদি ও ধর্মীয় জোট পেয়েছে ৫৩টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন কোনোটিই পায়নি। এ নির্বাচনে ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসন পেয়েছে।

নির্বাচনে আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর বিরুদ্ধে বারবার ভোট জালিয়াতির অভিযোগ তুলেছিলেন নেতানিয়াহু। তবে তার এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। ইসরাইলের নিজস্ব নির্বাচন কর্তৃপক্ষও অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর আরব নেতৃত্বাধীন দলগুলোকে নিয়েও সমালোচনা করেছেন নেতানিয়াহু। এসব দল হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যা দিতে অস্বীকৃতি জানিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে দলগুলোর সব নেতাই হামাসের নেতৃত্বাধীন ওই হামলার নিন্দা জানিয়েছিলেন।

আইজেনকোট বলেন, ‘আরব দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে কারো মতবিরোধ থাকতে পারে। তাদের কারো কারো প্রতি গভীর বিরূপ মনোভাবও থাকতে পারে। কিন্তু একটি পুরো জনগোষ্ঠীকে অপবাদ দেওয়া যায় না, দেওয়া উচিত নয়। আমি তা হতে দেব না।’

আরব নেতৃত্বাধীন দলগুলো নেতানিয়াহুকে সরিয়ে আইজেনকোটকে প্রধানমন্ত্রী করার পক্ষে সমর্থন জানিয়েছে। তবে এসব দলকে নিয়ে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করেছেন আইজেনকোট। তাদের সঙ্গে জোট করলে তার আসনসংখ্যা দাঁড়াবে ৬৭। অন্যদিকে উগ্রইহুদি দুটি দল ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাসের সমর্থন পেলে তার জোটের আসনসংখ্যা হবে ঠিক ৬১।

জাতীয় ঐক্যের সরকার গঠনের উদ্যোগ নিয়েও কথা বলেছেন আইজেনকোট। তিনি যত দ্রুত সম্ভব সরকার গঠনের দায়িত্ব পালন করতে চান। এ কাজ না করা হবে গুরুতর ভুল বলেও মন্তব্য করেছেন তিনি।

ইরানে আবার হামলার চিন্তা নেতানিয়াহুর

নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া আইজেনকোটের নতুন সরকার গঠনের জন্য ছয় সপ্তাহ সময় রয়েছে। তবে রাজনৈতিকভাবে দুর্বল অবস্থানে থাকলেও ইরানে আবার সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছেন নেতানিয়াহু। এমন খবর প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে যুক্তরাষ্ট্র, ইসরাইলের সামরিক নেতৃত্ব এবং আইজেনকোটের আগ্রহ নেই। আইজেনকোট নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, অত্যন্ত জরুরি না হলে ইরানকে ঘিরে নতুন করে উত্তেজনা বাড়ানো উচিত হবে না।

শুক্রবারের পোস্টে আইজেনকোট জানান, বৃহস্পতিবার তিনি নেতানিয়াহু ও তার সামরিক সচিবের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তবে আলোচনার বিস্তারিত জানাননি তিনি।

এর আগে চলতি সপ্তাহে আইজেনকোট বলেছিলেন, নেতানিয়াহুকে তার জোটে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করতে তিনি রাজি আছেন। নেতানিয়াহুর উগ্রইহুদি অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচকেও জোটে স্বাগত জানানোর ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

আইজেনকোট ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরাইলের সেনাপ্রধান ছিলেন। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম আট মাস নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভায় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

এএম

যুক্তরাষ্ট্র-ইসরাইল আবার হামলা চালালে তাৎক্ষণিক জবাব দেবে ইরান

কাতারের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা চুক্তি সই

ট্রাম্পের সঙ্গে চুক্তির মাসেই রাশিয়ার তেল উৎপাদন বাড়ল

বাহরাইনকে লক্ষ্য করে ছোড়া ইরানের দুটি ড্রোন ভূপাতিতের দাবি মার্কিন বাহিনীর

ইসরাইলি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় জোরদারে মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান

বৃষ্টি-শীতে বিপর্যস্ত গাজা, ঠান্ডায় প্রাণ গেল ৯ মাসের শিশুর

পরিদর্শনের অনুমতি না পেয়ে ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম কেন্দ্র নিয়ে উদ্বিগ্ন আইএইএ

হরমুজ প্রণালীতে এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

ভাঙনের মুখে যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক, রাজনৈতিক ঝুঁকিতে আইজেনকোট

ঐক্যের পথে হাঁটছে কি হামাস-ফাতাহ, ফিলিস্তিনে শান্তির দরজা কবে খুলবে