কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে সমুদ্রের মাইনে আঘাত লেগে দুটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর জাহাজ দুটিতে আগুন ধরে যায়। এর মধ্যে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেলবোঝাই একটি সুপারট্যাংকার ডুবে গেছে।
রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে এ ঘটনার কথা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলের নিষিদ্ধ এলাকায় চলাচলের সময় দুটি তেলবাহী ট্যাংকার সমুদ্রের মাইনে আঘাত হানে। এতে জাহাজ দুটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলোর একটি ছিল সুপারট্যাংকার। জাহাজটিতে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল। বিস্ফোরণের পর এটি পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলীয় জলসীমায় ডুবে যায়।
এদিকে ডুবে যাওয়া ট্যাংকারের ধ্বংসাবশেষের সঙ্গে সংঘর্ষ এড়াতে ওই এলাকার জেলেদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আইআরজিসি। তবে দ্বিতীয় ট্যাংকারটির বর্তমান অবস্থা, ক্ষয়ক্ষতি কিংবা এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
সূত্র: আল জাজিরা
এআরবি