কারিগরি সমস্যা ও সতর্কতামূলক ব্যবস্থার কারণে পাকিস্তানের সঙ্গে সীমান্ত পারাপার ও বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে ইরান। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছে।
শনিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে এ কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, সীমান্তে সাময়িক এই বিঘ্ন দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো পরিবর্তনের ইঙ্গিত নয়।
এর আগে নিরাপত্তা উদ্বেগ ও চোরাচালান প্রতিরোধের কথা উল্লেখ করে ইরানের সঙ্গে গাবদ-রিমদান ও তাফতান সীমান্তপথে বাণিজ্য স্থগিত করেছে পাকিস্তান। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় শুক্রবার একটি স্মারকলিপি জারি করে। এতে ৩ অক্টোবর জারি করা আগের একটি আদেশ অবিলম্বে কার্যকর হওয়ার শর্তে প্রত্যাহার করে নেওয়া হয়।
বাঘাই বলেন, ‘কিছু কারিগরি সমস্যা এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার কারণে সীমান্ত পারাপার ও লেনদেন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিবিড় যোগাযোগ ও আলোচনার মাধ্যমে সমস্যাটি দ্রুত সমাধানের চেষ্টা করছে, যাতে সীমান্ত পয়েন্টগুলোতে কার্যক্রম পুনরায় স্বাভাবিক হতে পারে।’
ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রিমদান-গাবদ সীমান্ত ক্রসিংসহ বিভিন্ন স্থলবন্দর নিয়ে আলোচনার মধ্যে এ ঘোষণা এল। দীর্ঘ সীমান্ত ভাগাভাগি করা দুই দেশ সাম্প্রতিক সময়ে বাণিজ্য সম্প্রসারণ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে।
কর্তৃপক্ষের আশা, চলমান আলোচনার মাধ্যমে দ্রুত সীমান্তে স্বাভাবিক চলাচল ও বাণিজ্য পুনরায় চালু করা সম্ভব হবে।
সূত্র: প্রেস টিভি
আরএ