সৌদি আরবে আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজার ২৬০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। একই সময়ে ১৩ হাজার ৭২৪ জন অবৈধ বাসিন্দাকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৩ থেকে ১৯ আগস্ট পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর যৌথ অভিযানে এসব গ্রেপ্তার ও বহিষ্কার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৯০০ জন আবাসন আইন, ৩ হাজার ৯৮২ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৩৭৮ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৩ হাজার ৭২৪ জনকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ১৮ হাজার ৮০৮ জনকে ভ্রমণের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। আরো ৫ হাজার ৩৮৬ জনকে ভ্রমণের টিকিট ও অন্যান্য ব্যবস্থা সম্পন্ন করার জন্য পাঠানো হয়েছে।
সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা
সৌদি আরবের সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় এক সপ্তাহে ১ হাজার ৫২৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩৬ শতাংশ ইয়েমেনের নাগরিক, ৬৩ শতাংশ ইথিওপিয়ার নাগরিক এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
এ ছাড়া সৌদি আরব থেকে অবৈধভাবে বের হওয়ার চেষ্টা করার সময় ৩৮ জনকে আটক করা হয়েছে।
অবৈধ বাসিন্দাদের পরিবহন, আশ্রয় ও কর্মসংস্থানের ব্যবস্থা করার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরো ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ৩১ হাজার ৯২২ জন বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ২৯ হাজার ৯৬১ জন পুরুষ এবং ১ হাজার ৯৬১ জন নারী।
সহযোগিতা করলে ১৫ বছর কারাদণ্ড
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, কেউ অবৈধভাবে কোনো ব্যক্তিকে সৌদি আরবে প্রবেশে সহায়তা করলে, দেশটির ভেতরে পরিবহন করলে, আশ্রয় দিলে বা এ ধরনের কোনো সহায়তা বা সেবা দিলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে।
এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। এ ছাড়া অবৈধভাবে পরিবহনে ব্যবহৃত যানবাহন এবং আশ্রয় দেওয়ার জন্য ব্যবহৃত বাড়িও জব্দ করা হতে পারে।
অবৈধ অবস্থান ও সীমান্তসংক্রান্ত আইন লঙ্ঘনের ঘটনা জানাতে সাধারণ মানুষকে কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ নম্বরে এবং সৌদি আরবের অন্যান্য অঞ্চলে ৯৯৯ ও ৯৯৬ নম্বরে ফোন করে এসব অভিযোগ জানানো যাবে।
সূত্র: সৌদি গেজেট
এএম