যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউসম একটি আইনে স্বাক্ষর করার পর মুসলমানদের এই দুই প্রধান ধর্মীয় উৎসব ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো।
রমজান মাস শেষে ঈদুল ফিতর এবং ইসলামী বর্ষপঞ্জির শেষ মাস জিলহজে ঈদুল আজহা পালিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে এই দুই উৎসব পালন করেন।
নতুন আইনের আওতায় ক্যালিফোর্নিয়ার কর্মীরা বিদ্যমান বেতনসহ ছুটির সুবিধা ব্যবহার করে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালনের সুযোগ পাবেন। একই সঙ্গে স্থানীয় সিদ্ধান্তের ভিত্তিতে সরকারি স্কুল ও কমিউনিটি কলেজগুলো ঈদের দিন বন্ধ রাখা যাবে।
তবে নতুন আইন অনুযায়ী ক্যালিফোর্নিয়ার সব কর্মী অতিরিক্ত দুই দিন বেতনসহ ছুটি পাবেন—বিষয়টি এমন নয়। অঙ্গরাজ্য কর্মীরা আইনটির নির্ধারিত শর্ত অনুযায়ী ঈদুল ফিতর বা ঈদুল আজহার জন্য আট ঘণ্টা পর্যন্ত ছুটি নিতে পারবেন। এ ক্ষেত্রে ভ্যাকেশন, বার্ষিক ছুটি, ক্ষতিপূরণমূলক ছুটি কিংবা ব্যক্তিগত ছুটির ক্রেডিট ব্যবহার করা যাবে।
এ ছাড়া ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে ক্যালিফোর্নিয়ার বিচার বিভাগীয় ছুটির তালিকা থেকে বাদ রাখা হয়েছে।
আইনটির প্রণেতা অ্যাসেম্বলি সদস্য ম্যাট হ্যানি বলেন, ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ মুসলিম জনগোষ্ঠীর বসবাস। তাদের ধর্মীয় ঐতিহ্য ও উৎসবের স্বীকৃতি পাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
আইনটির সমর্থক আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিলের ক্যালিফোর্নিয়া শাখা (সিএআইআর-সিএ) সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়েছে। সংগঠনটি বলেছে, এর ফলে মুসলিম শিক্ষার্থী ও কর্মীদের স্কুল ও কর্মস্থলের দায়িত্ব পালনের পাশাপাশি ঈদ উদযাপন করা সহজ হবে।
সিএআইআর-সিএর দাবি, ক্যালিফোর্নিয়ায় ১০ লাখের বেশি মুসলিম বাস করেন। সংগঠনটি নতুন আইনকে অঙ্গরাজ্যে মুসলিমদের ধর্মীয় উৎসবের স্বীকৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।
ক্যালিফোর্নিয়া লেজিসলেটিভ ইনফরমেশন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গভর্নর নিউসম গত ২৭ সেপ্টেম্বর এবি ২০১৭ অনুমোদন করেন। একই দিন আইনটি অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেটের কাছে নথিভুক্ত করা হয়।
সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন
এমএমআর