পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির শুক্রবার তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেছেন। ইরান যুদ্ধ বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টা ও নতুন উদ্যোগ নিয়ে তারা আলোচনা করেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়, বৈঠকে দুই পক্ষ যুদ্ধের আরও বিস্তার ঠেকানো এবং চলমান সংঘাতের অবসান ঘটানোর লক্ষ্যে নেওয়া সাম্প্রতিক কূটনৈতিক পদক্ষেপ নিয়ে মতবিনিময় করেন। রাত পর্যন্ত চলা আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিও গুরুত্ব পায়।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসলামাবাদ ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতার ভূমিকা জোরদার করেছে। পাকিস্তান এর আগেও যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমাতে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ অব্যাহত রেখেছে।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসলামাবাদ সফরেও আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানে যুদ্ধবিরতি, সম্ভাব্য শান্তি আলোচনা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
এসআর