সৌদি আরবে আন্তর্জাতিক ফ্যালকন ব্রিডার্স নিলামে কানাডায় প্রজনন করা একটি ‘সুপার হোয়াইট’ মটলড জিরফ্যালকন ছানা ১৩ লাখ সৌদি রিয়ালে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ৪ কোটি ৩৫ লাখ টাকা। শনিবার মালহামে অনুষ্ঠিত নিলামে এটি ২০২৬ সালের সর্বোচ্চ দামে বিক্রি হওয়া পাখি এবং নিলামের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামের বিক্রি।
রিয়াদের উত্তরে মালহামে সৌদি ফ্যালকনস ক্লাবের সদর দপ্তরে আয়োজিত ষষ্ঠ আন্তর্জাতিক ফ্যালকন ব্রিডার্স নিলামে কানাডার একটি খামারের দুটি বাজপাখি থেকে মোট ১৪ লাখ ৫০ হাজার রিয়াল আয় হয়।
এর মধ্যে প্রথমটি ছিল একটি খাঁটি জিরফ্যালকন ছানা। ৪০ হাজার রিয়াল থেকে এর নিলাম শুরু হয়ে শেষ পর্যন্ত ১ লাখ ৫০ হাজার রিয়ালে বিক্রি হয়।
দ্বিতীয় পাখিটি ছিল ‘সুপার হোয়াইট’ মটলড জিরফ্যালকন। এর নিলাম শুরু হয় ২ লাখ রিয়াল থেকে। একাধিক ক্রেতার তীব্র প্রতিযোগিতার পর শেষ পর্যন্ত এটি ১৩ লাখ রিয়ালে বিক্রি হয়।
নিলামের ইতিহাসে সর্বোচ্চ দামের রেকর্ড এখনো ২০২১ সালের। ওই বছর প্রথমবারের মতো আয়োজিত নিলামে একটি ‘আল্ট্রা হোয়াইট’ জিরফ্যালকন ছানা ১৭ লাখ ৫০ হাজার রিয়ালে বিক্রি হয়েছিল।
সৌদি ফ্যালকনস ক্লাব আয়োজিত এই নিলামের অন্যতম লক্ষ্য সৌদি আরবের ঐতিহ্যবাহী বাজপাখি শিকার ও পালনের সংস্কৃতি সংরক্ষণ ও প্রচার করা। এতে সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রজননকারী, ক্রেতা, শিকারি ও বাজপাখি-প্রেমীরা অংশ নেন।
এমএমআর