হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কেন শান্তি আলোচনাকে অযৌক্তিক বলছে ইরান

আমার দেশ অনলাইন

ছবি : আল-জাজিরা

লেবাননে ইসরাইলের স্মরণকালের ভয়াবহ হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তির আলোচনা এগিয়ে নেওয়া ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেছে ইরান। গত বুধবার লেবাননজুড়ে ইসরাইলি বাহিনীর ব্যাপক বিমান হামলায় কয়েকশ মানুষ নিহত হওয়ার প্রেক্ষাপটে ইরান এই হুঁশিয়ারি দিলো।

ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক বিবৃতিতে জানান, ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির শর্তগুলো ইসরাইল ও যুক্তরাষ্ট্র উভয়ই লঙ্ঘন করেছে।

তেহরানের অভিযোগ, ইরান-সমর্থিত হিজবুল্লাহর ওপর হামলা বাড়িয়ে ইসরাইল এবং ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের জেদ ধরে যুক্তরাষ্ট্র এই সমঝোতাকে ঝুঁকির মুখে ফেলেছে।

গালিবাফ বলেন, ‘এমন পরিস্থিতিতে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতি বা আলোচনা চালিয়ে যাওয়া হবে একেবারেই অযৌক্তিক।’

লেবানন কি যুদ্ধবিরতির বাইরে?

গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করলেও লেবানন ইস্যুতে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইসরাইল ও যুক্তরাষ্ট্র দাবি করেছে, এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন লেবাননে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বুদাপেস্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ‘ইরানিরা সম্ভবত ভেবেছিল লেবাননও এই যুদ্ধবিরতির আওতায় আছে, কিন্তু আসলে তা নয়।’

পরমাণু কর্মসূচি নিয়ে মতভেদ

শান্তি আলোচনার অন্যতম প্রধান বাধা ইরানের পরমাণু কর্মসূচি। ট্রাম্প দাবি করেছেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে এবং তাদের মজুদ হস্তান্তর করতে রাজি হয়েছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র ইরানের মাটির গভীরে লুকানো ‘পারমাণবিক ধুলিকণা’ খুঁড়ে বের করে আনবে।

তবে গালিবাফ এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছেন, যুদ্ধবিরতির শর্তানুসারে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার অধিকার রাখে।

তেলের বাজারে অস্থিরতা ও বৈশ্বিক প্রতিক্রিয়া

যুদ্ধের ডামাডোলের মধ্যেও বিশ্ব শেয়ারবাজারে চাঞ্চল্য দেখা গেছে। তেলের দাম ১৪ শতাংশ কমে ব্যারেল প্রতি ৯৫ ডলারে নেমেছে। তবে যুদ্ধ শুরুর আগের তুলনায় দাম এখনো প্রায় ২৫ ডলার বেশি। হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ বজায় থাকায় জ্বালানি সরবরাহের ক্ষেত্রে তেহরানের প্রভাব স্পষ্ট হয়েছে।

অন্যদিকে, লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, বুধবারের হামলায় দেশটিতে ২৫৪ জন নিহত হয়েছেন, যার মধ্যে বৈরুত একাই দেখেছে ৯১ জনের মৃত্যু।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, লেবাননকেও অবশ্যই যুদ্ধবিরতির আওতায় আনতে হবে।

পাল্টা হামলার হুমকি

হিজবুল্লাহ জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে বৃহস্পতিবার ভোরে উত্তর ইসরাইলে রকেট হামলা চালিয়েছে তারা। অন্যদিকে নেতানিয়াহু হুশিয়ারি দিয়েছেন, ইসরাইলের ‘ট্রিগারে আঙুল রাখা আছে’ এবং যেকোনো মুহূর্তে তারা পূর্ণমাত্রার যুদ্ধে ফিরতে প্রস্তুত।

সংঘাতের এই আবহে ট্রাম্প ঘোষণা করেছেন, যেসব দেশ ইরানকে অস্ত্র সরবরাহ করবে, তাদের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। যদিও এই সিদ্ধান্ত কার্যকরের আইনি সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে।

৫ সপ্তাহের এই যুদ্ধে হাজার হাজার মানুষের প্রাণহানি হলেও মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণী মূল বিষয়গুলো এখনো অমীমাংসিতই রয়ে গেছে। দুই পক্ষই নিজ নিজ দাবিতে অনড় থাকায় আগামী শনিবার নির্ধারিত শান্তি আলোচনা শুরু হওয়া নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সূত্র : রয়টার্স

ইসরাইলি হামলায় ২০৩ জন নিহতের তথ্য জানাল লেবানন

পাকিস্তানে মার্কিন-ইরান আলোচনা সংক্রান্ত পোস্ট মুছে ফেললেন ইরানের রাষ্ট্রদূত

হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে নতুন সিদ্ধান্ত জানাল ইরান

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরাইলি হামলা ‘সম্পূর্ণ ভুল’: যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী

৪০ দিনের যুদ্ধে যেসব শীর্ষ নেতাকে হারাল ইরান

ইরান যুদ্ধে চরম বিপর্যয়ের মুখে মধ্যপ্রাচ্য

ইরান যুদ্ধ: দেশের ভেতরে কঠিন পরিস্থিতিতে নেতানিয়াহু

লেবাননের মানুষ হতবাক!

যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রেও প্রযোজ্য হতে হবে: অস্ট্রেলিয়া

যুদ্ধবিরতি ঘোষণার পরদিনই ইসরাইল ও হিজবুল্লাহর পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা