তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের বিরুদ্ধে সম্ভাব্য আইনি ব্যবস্থা নিতে একটি মামলা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলি সংবাদমাধ্যম আই২৪নিউজ -এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহু আন্তঃমন্ত্রণালয়ভিত্তিক একটি দল এবং ইসরাইলি বিচার মন্ত্রণালয়ের আন্তর্জাতিক আইন বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে এরদোয়ানের বিরুদ্ধে আইনি নথি প্রস্তুতের নির্দেশ দিয়েছেন।
এর আগে তুরস্কের প্রেসিডেন্ট নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন। আগস্টে তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক জানিয়েছিলেন, গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরাইলি হস্তক্ষেপের ঘটনায় নেতানিয়াহুসহ কয়েকজনের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ইন্টারপোলের রেড নোটিশ চাওয়া হয়েছে।
আই২৪নিউজ -এর প্রতিবেদনে বলা হয়েছে, এরদোয়ানের বিরুদ্ধে প্রস্তুত করা মামলায় মূলত তুরস্কের কুর্দিদের সঙ্গে তার সরকারের আচরণ এবং হামাসের সঙ্গে তুরস্কের সরকারের সম্পর্ক ও কথিত অর্থায়নের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।
ইসরাইল চাইলে নিজেই বিষয়টি হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) তুলতে পারে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে মামলাটি আদালতে তোলার সম্ভাবনাই বেশি। এমনকি মামলাটি বাস্তবে দায়ের না করে এর প্রস্তুতিকেই এরদোয়ানের ওপর চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহারের পরিকল্পনাও থাকতে পারে।
শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া নেতানিয়াহুর ভাষণের পরপরই এই প্রতিবেদনটি সামনে এল; ওই ভাষণে তিনি এরদোয়ানকে একজন ‘স্বৈরাচারী’ হিসেবে অভিহিত করেছিলেন।
এর জবাবে তুরস্কের একজন কর্মকর্তা নেতানিয়াহুর মন্তব্যকে ‘হতাশাপূর্ণ ও অন্তঃসারশূন্য প্রচেষ্টা’ হিসেবে আখ্যায়িত করেছেন। তাঁর মতে, গাজায় ইসরাইলের ‘গণহত্যা’ এবং অধিকৃত পশ্চিম তীর, লেবানন, সিরিয়া ও অন্যান্য স্থানে চলমান হামলা আড়াল করার লক্ষ্যেই এসব কথা বলা হয়েছে।
এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসি ২০২৪ সালে গাজা যুদ্ধসংক্রান্ত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল—যা ইসরাইল প্রত্যাখ্যান করে।
সূত্র: দ্য জেরুজালেম পোস্ট
এমএমআর