হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে নোবেলজয়ী নার্গিসের সাড়ে ৭ বছরের কারাদণ্ড

আমার দেশ অনলাইন

ইরানের মানবাধিকার কর্মী ও ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত নার্গিস মোহাম্মাদিকে মোট সাড়ে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার আইনজীবী ও তাকে সমর্থনকারী একটি সংগঠন এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মাদির আইনজীবী মোস্তাফা নিলি জানান, ‘অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সমাবেশ ও ষড়যন্ত্র’-এর অভিযোগে তাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ‘রাষ্ট্রবিরোধী প্রপাগান্ডা চালানো’র অভিযোগে আরও দেড় বছরের সাজা দেওয়া হয়েছে। রায় অনুযায়ী, তাকে দুই বছরের জন্য পূর্ব ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশের খোসফ শহরে নির্বাসনে পাঠানো হবে এবং একই সময়ের জন্য তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আইনজীবী নিলি জানান, এই রায় চূড়ান্ত নয় এবং এর বিরুদ্ধে আপিল করা যাবে। তিনি আশা প্রকাশ করেন, গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণে চিকিৎসার স্বার্থে মোহাম্মাদিকে সাময়িকভাবে জামিনে মুক্তি দেওয়া হতে পারে।

কারাগারে নিজের আটক পরিস্থিতি এবং আইনজীবী ও পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগের সুযোগ না পাওয়ার প্রতিবাদে গত ২ ফেব্রুয়ারি অনশন শুরু করেন নার্গিস মোহাম্মাদি। নার্গিস ফাউন্ডেশনের এক বিবৃতিতে জানানো হয়, অনশনের ষষ্ঠ দিনে তিনি তা প্রত্যাহার করেছেন, তবে তার শারীরিক অবস্থা এখনো গুরুতর উদ্বেগজনক।

নার্গিস মোহাম্মাদি ইরানের দ্বিতীয় নারী, যিনি নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। এর আগে ২০০৩ সালে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় ভূমিকার জন্য এই পুরস্কার পান শিরিন এবাদি।

প্রখ্যাত লেখক ও সাংবাদিক নার্গিস মোহাম্মাদি ইরানের ‘ডিফেন্ডার্স অব হিউম্যান রাইটস সেন্টার (ডিএইচআরসি)’–এর উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক বন্দিদের অধিকার রক্ষা ও মানবাধিকার সংস্কারের পক্ষে কাজ করে আসছে। নারী অধিকার, মৃত্যুদণ্ড বিরোধিতা এবং দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান তাকে আন্তর্জাতিকভাবে পরিচিত করে তুলেছে।

নোবেল কমিটি ২০২৩ সালে জানায়, নারীদের অধিকারের জন্য দুই দশকের বেশি সময় ধরে চালানো সংগ্রামের মাধ্যমে নার্গিস মোহাম্মাদি স্বাধীনতা ও প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর আইনজীবী খসরু আলিকোরদির রহস্যজনক মৃত্যুর প্রতিবাদ জানাতে গিয়ে মোহাম্মাদিকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হাসান হেমাতিফার দাবি করেন, মাশহাদে আয়োজিত এক স্মরণসভায় তিনি উসকানিমূলক বক্তব্য দেন এবং উপস্থিতদের স্লোগান দিতে ও জনশৃঙ্খলা বিঘ্নিত করতে উৎসাহিত করেন।

এসআর

লেবাননে ভবনধসে নিহত অন্তত ৯

ফিলিস্তিনের ওপর নিয়ন্ত্রণ জোরদারে ইসরাইলের নতুন নিয়ম

যতক্ষণ দখলদারিত্ব থাকবে, ততক্ষণ প্রতিরোধ করবে হামাস: মেশাল

সংলাপ সমস্যার শান্তিপূর্ণ সমাধানের চাবিকাঠি: ইরানি প্রেসিডেন্ট

সুদানে আরএসএফের হামলায় সৌদির তীব্র নিন্দা

ইরানবিষয়ক আলোচকদের মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরি পরিদর্শন

বিশ্বব্যাবস্থাকে হুমকিতে ফেলেছে গাজা গণহত্যা: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

সিরিয়া–সৌদির মধ্যে বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে শিগগির দ্বিতীয় দফা আলোচনায় বসবে ইরান

ইসরাইলি নিষেধাজ্ঞায় গাজার ডক্টরস উইদাউট বর্ডার্স-প্রকল্প বন্ধ হওয়ার আশঙ্কা