সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েফে ড্রোন প্রতিহত করার সময় এক ইয়েমেনি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। খবর আলজাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ব্যক্তি সৌদি আরবে বসবাসরত ইয়েমেনের নাগরিক। আহত দুজনের পরিচয় ও তাদের শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
সৌদি আরবের সিভিল ডিফেন্স জানিয়েছে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা তায়েফ লক্ষ্য করে একটি ড্রোন উৎক্ষেপণ করেছিল। সেটি প্রতিহত করার সময়ই হতাহতের ঘটনা ঘটে।
সৌদি আরবে চলতি মাসে হুথিদের হামলা জোরদারের পর এটিই প্রথম প্রাণহানির ঘটনা বলে জানিয়েছে আল-জাজিরা।
ইয়েমেনের হুথিরা এর আগে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলা প্রতিহত করার দাবি করে আসছে সৌদি কর্তৃপক্ষ।
এদিকে ইয়েমেনের হুথিদের সঙ্গে দীর্ঘদিনের সংঘাতের কারণে সৌদি আরবের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা ও ইন্টারসেপ্টরের মজুত কমে আসছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এমন পরিস্থিতিতে বিমান প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান ও মিসরের কাছে সহায়তা চেয়েছে রিয়াদ বলে জানা গেছে।
এমএমআর