হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লেগে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পর একটি কনটেইনারবাহী জাহাজ ডুবে গেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি ‘চোরাচালানের পণ্য’ বহন করছিল। এ ছাড়া অনুমোদনহীন ও বিপজ্জনক একটি পথ দিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল জাহাজটি। এ সময় নৌমাইনে আঘাত লাগলে এতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায় বলে দাবি করেছে আইআরজিসি।
প্রতিবেদন অনুযায়ী, জাহাজটিতে প্রায় ২ হাজার ৫০০টি কনটেইনার ছিল। বুধবার সকালে এটি ডুবে যায়।
তবে জাহাজটির নাম, কোথা থেকে কোথায় যাচ্ছিল এবং এতে থাকা নাবিকদের ভাগ্যে কী ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। আইআরজিসির দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।