দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় ২০২৩ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১০৭টি ফিলিস্তিনি সম্প্রদায় পুরোপুরি বা আংশিকভাবে বাস্তুচ্যুত হয়েছে। একই সময়ে পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণও নজিরবিহীনভাবে বেড়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
প্রতিবেদনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে বসতি স্থাপনকারীদের সহিংসতায় সমর্থন দেওয়ার অভিযোগ করা হয়েছে। এইচআরডব্লিউ বলেছে, ফিলিস্তিনিদের ওপর হামলায় জড়িত বসতি স্থাপনকারীরা ইসরাইলি রাষ্ট্রের আর্থিক, সামরিক ও আইনি সহায়তা পেয়ে থাকে। অনেক সময় সশস্ত্র বসতি স্থাপনকারীরা ইসরাইলি সেনাদের সঙ্গে মিলেই হামলা চালায়। আবার কোনো কোনো ক্ষেত্রে সেনারা ঘটনাস্থলে উপস্থিত থেকেও হামলা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেয় না।
মানবাধিকার সংস্থাটি ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত পদক্ষেপ দাবি করেছে। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ, ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধ এবং অবৈধ ইসরাইলি বসতিতে বাণিজ্য নিষিদ্ধ করার সুপারিশও করেছে। এছাড়া ইসরাইলের সঙ্গে বিদ্যমান বিশেষ বাণিজ্য চুক্তি স্থগিতের বিষয়টিও বিবেচনা করতে বলেছে।