যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লি বলেন, ‘সংঘাতে জড়িয়ে পড়বে, এমন কোনো সেনা পাঠানো হবে না। যুদ্ধে কোনো ধরনের সম্পৃক্ততাও থাকবে না।’
তবে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী দক্ষিণ কোরিয়ার নাগরিক ও অপরিশোধিত তেল পরিবহণের রুট নিরাপদ রাখতে প্রয়োজনীয় ‘ন্যূনতম মাত্রার কার্যক্রম’ চালানো হবে বলে জানান তিনি।
দক্ষিণ কোরিয়ার চেওংহে সামরিক ইউনিট ইতিমধ্যে ওই অঞ্চলে তাদের কার্যক্রম বাড়িয়েছে। এসব পদক্ষেপ আরও জোরদার করার উপায় নিয়েও সরকার ভাবছে বলে জানান লি। তবে তিনি আবারও স্পষ্ট করেন, যুদ্ধে জড়ানোর মতো কোনো সেনা মোতায়েন করা হবে না।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে আন্তর্জাতিক প্রচেষ্টায় দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য ভূমিকা নিয়েও আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে সিউলের ওপর চাপ রয়েছে। সম্ভাব্য পদক্ষেপ হিসেবে সমুদ্রপথে টহল দেওয়া বিমান, বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দল এবং নৌমাইন শনাক্ত ও অপসারণে সক্ষম মানববিহীন ব্যবস্থা ব্যবহারের কথা বিবেচনা করা হচ্ছে। তবে এসব বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।
হরমুজ প্রণালি দক্ষিণ কোরিয়ার জন্য গুরুত্বপূর্ণ জ্বালানি করিডর। ইরানকে ঘিরে চলমান সংঘাত এবং ইয়েমেনের হুথি গোষ্ঠীর তৎপরতা বাড়ায় এই নৌপথে জাহাজ চলাচল ও অপরিশোধিত তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
লি বলেন, সংঘাতের শুরুতে ঝুঁকিপূর্ণ জলসীমা এড়িয়ে চলায় অনেক জাহাজ ওই পথে চলাচল বন্ধ করে দেয়। এতে দক্ষিণ কোরিয়ার জন্য অপরিশোধিত তেল সংগ্রহ কঠিন হয়ে পড়ে।
সূত্র: আনাদোলু
এএম